Assam Floods
Bengal Liberty: টানা বৃষ্টিতে ভয়াবহ আকার ধারণ করেছে অসমের বন্যা পরিস্থিতি। রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাওয়ায় উদ্ধারকাজ জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় সেনাবাহিনী চালু করেছে ‘অপারেশন জল রাহত’ (Operation Jal Rahat)।

বন্যা পরিস্থিতির ভয়াবহতা (Assam Floods)
অসমের আপার অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। ডিব্রুগড়, যোরহাট, শিবসাগর, চরাইদেও-সহ আটটি জেলা এই বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত। সরকারি তথ্য অনুযায়ী, ৫৭ হাজার মানুষ বন্যা কবলিত। ২৯৮টি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার। ৩,৮৭৪ হেক্টর কৃষিজমি জলের তলায় চলে গেছে, যার ফলে ব্যাপক ফসলহানির আশঙ্কা করা হচ্ছে। দিকো এবং জানজি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

উদ্ধার ও ত্রাণ তৎপরতা (Assam Floods)
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), এনডিআরএফ (NDRF) এবং সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। শিবসাগর জেলাতেই এ পর্যন্ত ৫০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।ত্রাণশিবির খোলা হয়েছে এবং দুর্গতদের কাছে খাবার, পানীয় জল ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। প্রয়োজনে ভারতীয় বায়ুসেনাকে সাহায্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে।

