Kolkata STF
Bengal Liberty
কলকাতায় বড়সড় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Howrah case)। সূত্রের খবর, বুধবার হাওড়ার নিশ্চিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্যাক্সি থেকে ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ট্যাক্সির চালককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তথ্যের ভিত্তিতে এসটিএফ একটি ট্যাক্সিকে চিহ্নিত করে। অভিযানে নিশ্চিন্দপুর থানার পুলিশও সহযোগিতা করে। এরপর যৌথ তল্লাশিতে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৯ এমএম পিস্তল এবং সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র রয়েছে।

ধৃত ট্যাক্সিচালক উত্তর কলকাতার বরানগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই অস্ত্র কোথা থেকে আনা হচ্ছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া অস্ত্রগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা অস্ত্র পাচারচক্রের নেপথ্যের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে এসটিএফ।

