Abhishek Banerjee
Bengal Liberty : একদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, ” বেঁচে থাকতে থাকতে প্রমাণ করে দেব আপনি প্রতিষ্ঠিত চোর।’’ তারপরই জানান, “ও (অভিষেক) কোথায় থাকে আমি দেখব।” তারপর দিনই হাই কোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক। একাধিক মামলায় সার্বিক রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে আপাতত সেই আবেদন মঞ্জুর করল না আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটি মামলার অভিযোগ আলাদা। তাই সব ক্ষেত্রে একসঙ্গে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। মামলার পরবর্তী শুনানি হবে ৩০ জুলাই। তবে এর মধ্যে কোনও কড়া পদক্ষেপ করা হলে আদালতের দৃষ্টি আকর্ষণের সুযোগ থাকবে বলে জানিয়েছে আদালত (Abhishek Banerjee)।

সার্বিক রক্ষাকবচ চেয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় মোট ৮টি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় তিনি আগেই রক্ষাকবচ পেয়েছেন। বাকি মামলাগুলিতে সার্বিক রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন তিনি। অভিষেকের আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর মক্কেলের বিরুদ্ধে ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর-সহ একাধিক থানায় মামলা করা হয়েছে। তিনি শুভেন্দু অধিকারীর উদাহরণও তুলে ধরেন। তবে বিচারপতি স্পষ্ট বলেন, “শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না।” অভিষেকের আবেদনের বিরোধিতা করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুও।

বিচারপতির পর্যবেক্ষণ (Abhishek Banerjee)
শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রতিটি মামলার অভিযোগের প্রকৃতি আলাদা। তাই সব মামলায় একসঙ্গে একই ধরনের রক্ষাকবচ দেওয়া যায় না। তাঁর পর্যবেক্ষণ, শিলিগুড়ির অভিযোগ এক রকম, ভবানীপুরের অভিযোগ অন্য রকম। সব অভিযোগকে একসঙ্গে বিবেচনা করলে তদন্তের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। বিচারপতি আরও জানান, সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে চায় না। তাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩০ জুলাই। তবে এই সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হলে, তিনি অবিলম্বে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বলেও স্পষ্ট করেছে হাই কোর্ট।

আরও পড়ুন :
Suvendu Adhikari: ‘বেঁচে থাকতেই আপনাকে প্রতিষ্ঠিত চোর প্রমাণ করব’: মমতাকে নিশানা শুভেন্দুর

