Bengal Liberty:
হিমাচল প্রদেশের লাহাউল-স্পিতি জেলায় ভয়াবহ ভূমিধসের জেরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন। প্রবল বর্ষণের জেরে লাহুল উপত্যকা থেকে প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরে কাদু নালার কাছে কুল্লু থেকে পাঙ্গি যাওয়ার পথে উদয়পুর-কিলার সড়কের কাদু নাল্লা এলাকায় পাহাড় থেকে বিশাল আকারের পাথর ও ধ্বংসাবশেষ খসে পড়ে একটি যাত্রীবোঝাই টাটা সুমো সম্পূর্ণ চাপা পড়ে যায়।

কীভাবে ঘটল দুর্ঘটনা? Landslide in Himachal
জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। এর আগে রাস্তা বন্ধ থাকায় তাঁরা দীর্ঘক্ষণ আটকে ছিলেন। রাস্তা খুলতেই যাত্রা শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। অন্তত একজন আহত হয়েছেন বলে খবর।
উদ্ধারকাজে বাধা দিচ্ছে খারাপ আবহাওয়া:Landslide in Himachal

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে টানা বৃষ্টি, খারাপ আবহাওয়া এবং ক্রমাগত ভূমিধসের কারণে উদ্ধার অভিযানে বারবার বাধার সৃষ্টি হচ্ছে।
এদিকে, হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি, কিন্নর, কুলু ও মান্ডি সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির জেরে আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় পাহাড়ি এলাকায় সফর এড়িয়ে চলার এবং ঝুঁকিপূর্ণ সড়কে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্য সরকার এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে এবং নিহতদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে প্রশাসন। উদ্ধারকারী দল এখনও এলাকায় নজরদারি চালাচ্ছে, কারণ বৃষ্টির কারণে নতুন করে ওই এলাকায় ভূমিধসের আশঙ্কা।
আরও পড়ুনঃ তেলাপোকাদের মিছিলে আক্রান্ত বেঙ্গল লিবার্টির প্রতিনিধি; প্রতিবাদের নামে সাংবাদিক নিগ্রহ!

