Bengal Liberty
ডোরিনা ক্রসিংয়ে ‘নিট’ আন্দোলনের মিছিলে গোলমাল এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (CJP protest)। ধৃতরা হলেন শাহবাজ খান (৩৪) কড়েয়া, মহম্মদ সলমন হুসেন (২৯) রাজাবাগান এবং মহম্মদ জোহিরুদ্দিন মাল (৩২) দক্ষিণ ২৪ পরগনার বিজয়গঞ্জ। এই নিয়ে এ ঘটনায় মোট গ্রেফতার সংখ্যা দাঁড়াল ১৪। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তকারীদের দাবি, হামলার পেছনে জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

তৎপরতার সঙ্গে গ্রেফতার অভিযুক্তদের CJP protest
অভিযুক্তদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট ও এন্টালি থানায় গুন্ডাদমন আইনসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রায় ৭০ জন দুষ্কৃতীকে চিহ্নিত করেছিল পুলিশ। তার ভিত্তিতেই দ্রুত অভিযান চালিয়ে এই ১৪ জনকে গ্রেফতার করা হয়। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসএসকেএম (SSKM) হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, রাজ্য সরকার অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। অপরাধীদের কোনো ছাড় না দেওয়ার স্পষ্ট নির্দেশের পরই ২৪ ঘণ্টার মধ্যে তৎপরতা বাড়ায় পুলিশ।
আরও খবর

গত শুক্রবার বিকেলে ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বরে ছাত্র-যুবদের মিছিলকে কেন্দ্র করে চরম রণক্ষেত্রের সৃষ্টি হয়। পুলিশের ওপর আক্রমণ এবং সাংবাদিকদের হেনস্থার মতো একাধিক গুরুতর অভিযোগ ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, “হামলাকারী দুষ্কৃতীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের কোনো যোগসূত্র নেই, এরা সবাই বহিরাগত।” এর আগে শনিবার মেটিয়াবুরুজের রাজাবাগান থেকে মহম্মদ আফরোজ নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রবিবারে আরও তিনজন গ্রেফতার হওয়ায় তদন্তের গতি আরও বৃদ্ধি পেল। এখন দেখার, সিসিটিভি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী সময়ে পুলিশ আর কাদের গ্রেফতার করে।


