Education Depertment
Bengal Liberty
রাজ্যের বেসরকারি স্কুলগুলির উপর নজরদারি আরও জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল স্কুল শিক্ষা দফতর। রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলের পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এই তথ্য বাংলা শিক্ষা পোর্টাল (Education Depertment) এবং জেলা শিক্ষা দফতরের নথির সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে বলে জানা গিয়েছে। শিক্ষা দফতর জানিয়েছে, স্বীকৃতি বা প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট (NOC) ছাড়া পরিচালিত স্কুলগুলিকে চিহ্নিত করার জন্য এই বিশেষ অভিযান। সেই লক্ষ্যে প্রতিটি বেসরকারি স্কুলকে গুগল ফর্মের মাধ্যমে তাদের NOC ও অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নথি যাচাই করবেন।

NOC যাচাইয়ে কড়াকড়ি
উল্লেখ্য, প্রতিটি জেলায় জেলা বিদ্যালয় পরিদর্শকদের নিয়মিত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, প্রতি সপ্তাহে অন্তত একটি বেসরকারি স্কুল পরিদর্শন বাধ্যতামূলক। পরিদর্শনের সময় কোনও বাধার মুখে পড়লে সরকারি আধিকারিকরা প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে পারবেন বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

শিক্ষা দফতরের এই পদক্ষেপের মূল উদ্দেশ্যই হল রাজ্যের বেসরকারি স্কুলগুলির স্বীকৃতি, পরিচালন ব্যবস্থা এবং সরকারি নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করা। এর মাধ্যমে স্বীকৃতিহীন বা বেআইনি ভাবে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

