Abhishek Banerjee
Bengal Liberty
দক্ষিণ ২৪ পরগনার আমতলায়(Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় আগামী ৬ আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ জানান, ওই দিন দুপুর ২টায় মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত আগের নির্দেশই বহাল থাকবে।

এর আগে রবিবার, ছুটির দিনেও বিশেষভাবে আদালত বসিয়ে দলীয় কার্যালয় ভাঙার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। মঙ্গলবার সেই অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন জানায় রাজ্য সরকার। অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছে এবং বিষয়টির দ্রুত শুনানিরও আর্জি জানান।
একসঙ্গে তিনটি মামলার শুনানির নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের(Abhishek Banerjee)
রাজ্যের দাবি, মামলায় ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমির নির্মাণ ভাঙা নিয়ে অভিযোগ করা হয়েছে। অথচ বাস্তবে ভাঙার কাজ হয়েছে ৫০৭ নম্বর দাগের জমিতে। তাই আগের স্থিতাবস্থার নির্দেশ প্রত্যাহার করা উচিত বলেই আদালতে দাবি জানায় রাজ্য। অন্যদিকে, লিপস অ্যান্ড বাউন্ডসের পক্ষে আইনজীবী কিশোর দত্ত অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আইনজীবী অয়ন ভট্টাচার্য ভাঙার বিরুদ্ধে নতুন আবেদন দাখিল করেন।

কিশোর দত্ত আদালতে দাবি করেন(Abhishek Banerjee)
জমির দাগ নম্বর নিয়ে বিতর্ক রয়েছে এবং তাঁর মক্কেলই ওই জমির বৈধ মালিক। ভাঙার আগে কোনও নোটিস দেওয়া হয়নি। এমনকি, কোন অভিযোগের ভিত্তিতে নির্মাণটিকে বেআইনি বলা হয়েছে, সেই সংক্রান্ত নথিও সরবরাহ করা হয়নি। তাঁর বক্তব্য, নির্মাণ বেআইনি হলেও প্রথমে জমির মালিককে তা ভেঙে ফেলার সুযোগ দেওয়া উচিত ছিল। সেই আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই প্রশাসন পদক্ষেপ করেছে বলে অভিযোগ তাঁর।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ জানান, এই বিষয়ে মোট তিনটি পৃথক আবেদন জমা পড়েছে। তাই তিনটি আবেদন একসঙ্গেই শুনানি হবে। সেই কারণেই মামলার শুনানি ৬ আগস্ট পর্যন্ত মুলতবি রেখে ততদিন স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।


