7th Pay Commission
Bengal Liberty
রাজ্য প্রশাসনে ফের বড়সড় রদবদল করল নবান্ন। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে মোট ১৩৫ জন WBCS আধিকারিকের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (Nabanna) , ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর এবং ৩৬ জন সিনিয়র ও মিড-লেভেল আধিকারিক রয়েছেন। রাজ্যপালের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বদলি কার্যকর করা হয়েছে বলে নোটিফিকেশনে জানানো হয়েছে।

ব্লক প্রশাসনে নতুন মুখ
প্রথম বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল করা হয়েছে। WBSSC-র সেক্রেটারি-কাম-কন্ট্রোলার অফ এগজাম সৌম্যজিৎ দেবনাথকে পরিবহন দফতরের স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। পাশাপাশি তাঁকে ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর-এর অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন ও কল্যাণ দফতরের অতিরিক্ত সচিব মৃন্ময় বিশ্বাসকে রাজ্য ভিজিল্যান্স কমিশনের স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। এছাড়া অভিজিৎ সামন্তকে দুর্গাপুর পুরনিগমের সচিব পদে নিয়োগ করা হয়েছে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক হারে বিডিও ও ডেপুটি ম্যাজিস্ট্রেটদের রদবদল করা হয়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, হাওড়া ও কোচবিহার-সহ একাধিক জেলায় এই পরিবর্তন হয়েছে। মেদিনীপুর সদরের বিডিও দেবাশিস মণ্ডলকে পূর্ব বর্ধমানের গলসি-২ ব্লকে পাঠানো হয়েছে। পাশাপাশি একাধিক প্রশাসনিক পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন আধিকারিককে। এই বদলির অন্যতম উল্লেখযোগ্য দিক হল, ২০২৫ ব্যাচের প্রবেশনারি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরদের প্রথমবারের মতো বিভিন্ন ব্লকে স্থায়ী বিডিও হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, তরুণ আধিকারিকদের মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়ার মাধ্যমে প্রশাসনে নতুন গতি আনার চেষ্টা করছে রাজ্য সরকার।

যোগদানের সময় সীমা
নবান্নের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্দেশ মানা না হলে ৩১ জুলাই বিকেলের মধ্যে তাঁদের বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে। একইসঙ্গে জেলাশাসক ও সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত রিলিজ অর্ডার জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, বছরের মাঝামাঝি এত বড় আকারে রদবদল স্বল্পমেয়াদে ব্লক ও জেলা প্রশাসনের কাজে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে তরুণ আধিকারিকদের নেতৃত্বে প্রশাসনিক কাজ আরও গতিশীল ও কার্যকর হবে বলেই আশা করা হচ্ছে।

