Atal Pension
Bengal Liberty
ভারত সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অটল পেনশন যোজনা’-য় নাম নথিভুক্তির ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গের মালদা জেলা। এই উল্লেখযোগ্য সাফল্যকে উদ্যাপন করতে বুধবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনিক ভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি সহ জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের কর্মী-আধিকারিকরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অটল পেনশন যোজনার আওতায় মালদা জেলায় ইতিমধ্যেই ২০ হাজারেরও বেশি উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছে। এই বিপুল সংখ্যক নথিভুক্তির সুবাদেই জাতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছে জেলাটি। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বিহার।

২০ হাজারেরও বেশি নাম নথিভুক্তি
অনুষ্ঠানে জেলাশাসক বলেন, “কেন্দ্রীয় সরকারের এই সামাজিক সুরক্ষা প্রকল্প সাধারণ মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গ্রামাঞ্চলে প্রচার এবং ব্যাঙ্কগুলির সক্রিয় অংশগ্রহণের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।” ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের আওতায় আনার জন্য প্রশাসন ও ব্যাঙ্কগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে অটল পেনশন যোজনার সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বিভিন্ন ব্যাঙ্ক, তাদের শাখা এবং কর্মীদের বিশেষ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসনের দাবি, এই সম্মাননা সংশ্লিষ্ট কর্মীদের আরও উৎসাহিত করবে এবং আগামী দিনে মালদাকে দেশের শীর্ষস্থানে পৌঁছে দিতে সহায়ক হবে। প্রশাসনের মতে, সাধারণ মানুষের মধ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও ব্যাঙ্কের সমন্বিত উদ্যোগই মালদার এই সাফল্যের মূল চাবিকাঠি। এখন লক্ষ্য— আরও বেশি উপভোক্তাকে অটল পেনশন যোজনার আওতায় এনে আগামী দিনে দেশকে সেরা জেলার স্বীকৃতি এনে দেওয়া।

