Bengal Liberty
উত্তরবঙ্গের উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা করলেন রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পুরনিগমে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি (Agnimitra Paul)। বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি শিলিগুড়ি পুরনিগমে পৌঁছে নাগরিকদের অভিযোগ ও পরামর্শ শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন সংশ্লিষ্ট আধিকারিকদের। পরে উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন।
মন্ত্রী জানান, ডাবগ্রাম-ফুলবাড়ীকে পৃথক পুরসভা হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। পাশাপাশি শিলিগুড়িকে ‘হিমালয়ান সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আরও বিকশিত হবে।

অনলাইন পার্কিং থেকে স্মার্ট সিটি Agnimitra Paul
উত্তরবঙ্গের নগরোন্নয়নে কোচবিহরের জন্য প্রায় ৩০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কোচবিহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি-সহ বিভিন্ন শহরে যানজট কমাতে মাল্টি-লেভেল পার্কিং নির্মাণ করা হবে। এছাড়া শিলিগুড়িতে ১ সেপ্টেম্বর থেকে চালু হবে অ্যাপ-ভিত্তিক অনলাইন পার্কিং ব্যবস্থা। সব পার্কিং নির্দিষ্ট নিয়মে পরিচালিত হবে এবং কর্মীদের ইউনিফর্ম ও পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে।
আরও খবর

শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে ১ সেপ্টেম্বর থেকেই রাস্তায় ময়লা বা থুতু ফেললে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানার ঘোষণা করেন মন্ত্রী। একই সঙ্গে ‘স্বচ্ছ’ অ্যাপ চালুর কথাও জানান। এই অ্যাপের মাধ্যমে কোথাও ময়লা জমে থাকলে ছবি আপলোড করলেই দুই ঘণ্টার মধ্যে তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে।

আধুনিক পরিষেবায় জোর রাজ্যের
পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প গড়ে তোলা হবে ভারত পেট্রোলিয়ামের সহযোগিতায়। এছাড়া মন্দিরে ব্যবহৃত ফুল পুনর্ব্যবহার করে ধূপকাঠি ও আবির তৈরির প্রকল্পও চালু করা হবে। প্রথম পর্যায়ে জলপেশ, মদনমোহন ও ভার্মি দেবী মন্দিরে আসন্ন দুর্গাপুজো থেকেই এই উদ্যোগ শুরু হবে।
উত্তরবঙ্গের প্রতিটি শহরে আধুনিক বাসস্টপ নির্মাণের পরিকল্পনার কথাও জানান অগ্নিমিত্রা পাল। সেখানে থাকবে ডিজিটাল বিজ্ঞাপন, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা, বাসের রিয়েল-টাইম তথ্য এবং যাত্রীদের বসার ব্যবস্থা। পাশাপাশি বাজার এলাকায় প্লাস্টিকের ব্যবহার কমাতে ভুট্টা ও আনারসের তন্তু দিয়ে তৈরি পরিবেশবান্ধব ব্যাগ মাত্র ১ টাকায় এবং পুনর্ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ ৫ থেকে ১০ টাকায় সরবরাহের জন্য বিশেষ ভেন্ডিং মেশিন বসানো হবে।
মন্ত্রী আরও জানান, ২০২৭ সালের জুন মাসের মধ্যে উত্তরবঙ্গের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় ১,৬৯৮ কোটি টাকার এই প্রকল্পের পাশাপাশি মিরিকের পানীয় জল প্রকল্পের তিনটি এসটিপি চলতি বছরের মধ্যেই শেষ হবে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়ি ও মিরিককে বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় এনে ‘হিল টাউন সিটি’ হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।
সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল বলেন, আধুনিক নাগরিক পরিষেবা, উন্নত পরিকাঠামো, পরিবেশবান্ধব উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনের মাধ্যমে উত্তরবঙ্গকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের লক্ষ্য।


