Bengal Liberty:
রক্ত সংগ্রহ, সংরক্ষণ এবং প্লাজমা পাচারে গুরুতর অনিয়মের অভিযোগে কলকাতার ভবানীপুরের প্রাণনাথ পণ্ডিত স্ট্রিটে অবস্থিত হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক-এর সমস্ত কার্যক্রম ও লাইসেন্স-সংক্রান্ত অনুমোদন বাতিলের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। তদন্তে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দফতর সূত্রে দাবি।

Blood Bank Scam
আরও খবর
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রক্তদান শিবিরের নামে নিয়ম ভেঙে ভিনরাজ্যে অবৈধভাবে রক্ত ও প্লাজমা পাঠানো, নির্ধারিত মান বজায় না রাখা এবং রক্ত সংগ্রহের ক্ষেত্রে একাধিক বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। একই সঙ্গে রাজ্যের আরও ১১টি বেসরকারি ব্লাড ব্যাংকের রক্তদান শিবির আয়োজনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের Blood Bank Scam

এর আগেই সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দফতর। প্লাজমা-সংক্রান্ত অনিয়মের অভিযোগের জেরে নজরদারিও বাড়ানো হয়। সেই তদন্তের ভিত্তিতেই মঙ্গলবার হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Blood Bank Scam
সোমবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, বিগত তৃণমূল সরকারের আমলে রক্তের প্লাজমা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন রাজ্যে প্লাজমার দামের বিস্তর পার্থক্যকে কাজে লাগিয়ে অবৈধ বাণিজ্য চলত। পাশাপাশি নির্ধারিত সীমার তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি রক্ত সংগ্রহ করা হতো, যা স্বাস্থ্যবিধির পরিপন্থী।
Blood Bank Scam
স্বাস্থ্য দফতরের দাবি, এই অভিযানের মূল লক্ষ্য রক্তদান ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তদন্ত এখনও চলছে। অনিয়মে জড়িত অন্য কোনও ব্লাড ব্যাংক বা ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুনঃ হাসপাতালের খাবার সংক্রান্ত টেন্ডার: স্থগিতাদেশ খারিজ হাইকোর্টে, কাটল আইনি জট


