Modi video delete
Bengal Liberty: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক লাইভ ভিডিও সাময়িক ভাবে ডিলিট হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এই বিষয়ে মেটা (Meta) প্রধান মার্ক জুকারবার্গকে আগামী তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কড়া নির্দেশ দিয়েছে সংসদীয় তথ্যপ্রযুক্তি কমিটি। অন্যথায় আইনি রক্ষাকবচ তুলে নেওয়া এবং মামলা দায়ের করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ভিডিও ডিলিট ও মেটার সাফাই (Modi video delete)
NEET প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ছাত্র আন্দোলনের আবহে গত ২৩ জুলাই দেশের যুবসমাজকে বার্তা দিতে ফেসবুক লাইভ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই ভিডিওটি আচমকাই প্ল্যাটফর্ম থেকে গায়েব হয়ে যায়। পরে ভিডিওটি ফিরিয়ে আনা হলেও মেটার পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত বা সিস্টেমগত ভুলের কারণেই এটি হয়েছিল। তবে মেটার এই ব্যাখ্যায় কেন্দ্র বা সংসদীয় কমিটি একেবারেই সন্তুষ্ট নয়।

সংসদীয় কমিটির কঠোর হুঁশিয়ারি (Modi video delete)
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় তথ্যপ্রযুক্তি কমিটির স্পষ্ট বক্তব্য, প্রধানমন্ত্রীর মতো একজন নেতার ভিডিও মুছে ফেলা সরাসরি ‘গণতন্ত্রের উপর আক্রমণ’, কারণ তিনি ভারতের ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। কমিটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, মেটাকে শুধু দুঃখপ্রকাশ করলেই চলবে না, স্বয়ং মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। অন্যথায়, অনলাইন প্ল্যাটফর্মগুলি যে আইনি রক্ষাকবচ পেয়ে থাকে, তা মেটার ক্ষেত্রে প্রত্যাহার করা হতে পারে এবং আইনি মামলাও রুজু করা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মেটার গ্লোবাল পাবলিক পলিসি প্রধান জোয়েল কাপলানসহ প্রযুক্তি বিভাগের আধিকারিকদের তলব করেছে কেন্দ্রীয় সরকার।

