Ashoknagar oilfield
Bengal Liberty : দীর্ঘ প্রতীক্ষার কি এবার সত্যিই অবসান হতে চলেছে? অশোকনগরের বাইগাছি ওএনজিসি কেন্দ্রে ফের জ্বলতে দেখা গেল আগুনের শিখা (Ashoknagar)। আর তাতেই নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। ওএনজিসি সূত্রে কর্মরতদের দাবি, নতুন করে খনন করা তিনটি কূপেই মিলেছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান। বর্তমানে তেলের স্তরের উপরে থাকা প্রাকৃতিক গ্যাস পরীক্ষামূলকভাবে জ্বালানো হচ্ছে। ফলে অশোকনগর থেকে বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল উত্তোলনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। প্রকল্পে কর্মরতদের সূত্রের খবর, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগস্টের শেষেই শুরু হতে পারে বাণিজ্যিক উত্তোলন (Ashoknagar)।

তিন কূপে তেলের সন্ধান (Ashoknagar)
বাইগাছি কেন্দ্রে নতুন করে তিনটি কূপ খনন করা হয়েছে। প্রায় ২,৮৫০ মিটার গভীর পর্যন্ত খননের পর সেখানে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে বলে দাবি কর্মরতদের। তেলের স্তরের উপরে থাকা গ্যাস মাটির নীচ থেকে বেরিয়ে আসার পর সেটিই আপাতত পরীক্ষার জন্য জ্বালানো হচ্ছে। ইতিমধ্যেই তেল উত্তোলনের জন্য পাম্পজ্যাক-সহ অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। দুটি শিফটে শতাধিক কর্মী কাজ করছেন। শুধু বাইগাছি নয়, ভুরকুন্ডা, দৌলতপুর-সহ অশোকনগরের একাধিক এলাকাতেও চলছে খননকাজ। ভবিষ্যতে সেখান থেকেও তেল ও গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এর আগে জানিয়েছিলেন, জুলাইয়ের শেষেই অশোকনগর থেকে তেল উত্তোলন শুরু হতে পারে। যদিও সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে, ফের আগুন জ্বলার ঘটনায় স্থানীয়দের প্রত্যাশা নতুন করে বেড়েছে।

২০১৮-র আবিষ্কার থেকে বাণিজ্যিক উত্তোলনের অপেক্ষা (Ashoknagar)
অশোকনগরে খনিজ তেলের সন্ধান নতুন ঘটনা নয়। ২০১৮ সালে বাইগাছি এলাকায় প্রথম বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। ২০২০ সালে পরীক্ষামূলক উত্তোলনে একটি কূপ থেকে প্রায় ৩৭৫ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া যায়।বিশেষজ্ঞদের দাবি, বাইগাছির অপরিশোধিত তেলের API গ্র্যাভিটি প্রায় ৪০-৪১। গুণগত মানের বিচারে এই তেল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র বম্বে হাইয়ের তেলের সঙ্গে তুলনীয়। তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও অশোকনগরে এসে তেলের গুণমানের প্রশংসা করেছিলেন।

পরিকল্পনা অনুযায়ী, অশোকনগর থেকে উত্তোলিত অপরিশোধিত তেল পরিশোধনের জন্য ইন্ডিয়ান অয়েলের হলদিয়া শোধনাগারে পাঠানো হবে। পাশাপাশি ভবিষ্যতে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। তবে এখনও পর্যন্ত ওএনজিসির তরফে বাণিজ্যিক উত্তোলনের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে আগস্টের শেষে আদৌ উত্তোলন শুরু হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। কিন্তু প্রকল্পের কর্মযজ্ঞ এবং ফের আগুনের শিখা দেখে আশায় বুক বাঁধছেন অশোকনগরবাসী। তেল উত্তোলন শুরু হলে স্থানীয় কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অশোকনগরের অর্থনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। বিধায়ক সুময় হীরার দাবি, প্রকল্প বাস্তবায়িত হলে অশোকনগর-সহ গোটা রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন :
Biman Bose : AIIMS-এ চিকিৎসাধীন বিমান বসু! দ্রুত আরোগ্য কামনা ঋতব্রতর

