TMC Youth Congress: ছাত্র সমাবেশ সফল করতে এবার মাঠে নামলেন তৃণমূলের যুব সভাপতি

Bengal Liberty

ছাত্র সংগঠনের সভা সফল করতে এবার যুব সভাপতিকে ময়দানে নামাল কালীঘাট তৃণমূল (TMC Youth Congress)। ২৮ আগস্ট আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ সফল করার উদ্দেশ্যে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তার মাধ্যমে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন। সমাবেশে লোক না হওয়ার আশঙ্কায় এবার নতুন উদ্যোগ কালীঘাট তৃণমূলের। সভা সফল করার পাশাপাশি জনসমাগম বাড়ানোও তাদের অন্যতম লক্ষ্য।

শুক্রবার, অর্থাৎ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূল – দুই শিবিরকেই সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। একই দিনে দুই শিবিরের সভা হওয়ায় রীতিমতো চিন্তায় কালীঘাট তৃণমূল। অবশেষে তুরুপের তাস হিসেবে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামাল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

ভিডিও বার্তায় অর্ণবের আহ্বান  (TMC Youth Congress)

অর্ণব বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমরা যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি এবং এখন যারা ছাত্র রাজনীতি করছেন, তাঁদের সকলের উদ্দেশে একটাই বার্তা—২৮ আগস্ট অত্যন্ত পুণ্যের দিন, ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। এই দিনে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী দিকনির্দেশ দিচ্ছেন, কী বলছেন, সেটা শুনতে যাব।”

ক্যাথিড্রাল রোড ও বিড়লা তারামণ্ডল চত্বরে সকলকে আহ্বান জানিয়ে যুব সভাপতি জানান, “আমরা চেষ্টা করব সকাল ১০টা-সাড়ে ১০টার মধ্যে সবাই ঢুকে যাওয়ার। আগামী দিনে আমরা কীভাবে চলব, তার দিকনির্দেশ দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

তৃণমূলের দুই শিবিরকেই একই দিনে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে কাউকেই মেয়ো রোডে সভা করার অনুমতি দেওয়া হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী, ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করবে কালীঘাট তৃণমূল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। অন্যদিকে, ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি পালন করবে ঋতব্রত শিবির। এমনকী সভার সময়ও নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, দুই শিবিরকেই দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে সভা করতে হবে।

Advertisement
Advertisement

ছাত্রদের জমায়েতেই নজর

পাশাপাশি, দুই শিবিরের অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। বলাবাহুল্য, রাজ্যে পালাবদলের পর তৃণমূল কার্যত বিভক্ত। একদল যোগ দিয়েছে এনসিপিআইয়ে। অন্যদল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে যোগ দিয়েছে। এনসিপিআই সাংসদরা দিল্লিতে শহিদ দিবস পালন করেন। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে কলকাতার দুই জায়গায় শহিদ দিবস পালন করেন।

Advertisement
Advertisement

গত ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানও আলাদাভাবে পালিত হয়। সেখানে কালীঘাট তৃণমূলের সভায় মমতা ও অভিষেকপন্থী সমর্থকদের জমায়েত ছিল নামমাত্র। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে লোক টানতে মরিয়া কালীঘাট তৃণমূল। এবার যুব সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়কে কাজে লাগালেন দলনেত্রী। এখন নজর, তাঁর ভিডিও বার্তার মাধ্যমে কতজন ছাত্র কালীঘাট তৃণমূলের সভায় উপস্থিত হন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury