Bengal Liberty:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর রাতারাতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের দেওয়ালে থাকা বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিক মুছে ফেলার অভিযোগ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের বয়েজ হোস্টেলের দেওয়ালে থাকা ওই লেখা ও গ্রাফিকের উপর সাদা রং করে দেওয়া হয়েছে(Jadavpur University)। অখিল ভারতীয় ছাত্র পরিষদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এই দেওয়াল লিখন মুছে দিয়েছে। যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনও স্পষ্ট বক্তব্য সামনে আসেনি।

শিরোনামে যাদবপুর (Jadavpur University)
ঘটনার সূত্রপাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের দেওয়ালে আঁকা কিছু ছবি ও লেখা ঘিরে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের বয়েজ হোস্টেলের দেওয়ালে ‘কিষানজি’, ‘লাল সেলাম’, ‘ফ্রি ফর প্যালেস্টাইন’-এর মতো বিভিন্ন স্লোগান ও গ্রাফিক দেখা গিয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও তাঁর দফতরে পৌঁছনোর পর বিষয়টি নিয়ে সরব হন তিনি। শিক্ষাঙ্গনের পরিবেশে এই ধরনের বিতর্কিত বা দেশবিরোধী বক্তব্য কেন থাকবে, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
আরও খবর

অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ (Jadavpur University)
গত সোমবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুরের পড়ুয়াদের সতর্ক করেন তিনি। একইসঙ্গে উপাচার্যকে বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও জানান। তাঁর বক্তব্য ছিল, শিক্ষাঙ্গন এমন একটি জায়গা যেখানে শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় থাকা জরুরি। সেখানে বিতর্কিত দেওয়াল লিখন বা উস্কানিমূলক বক্তব্যের জায়গা থাকা উচিত নয়।
এরপর শুক্রবার যাদবপুরে বন্দে মাতরম কর্মসূচি থেকেও একই বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, একদল পড়ুয়া এসএফআইয়ের ছাতার তলায় থেকে এই ধরনের বক্তব্য ও কার্যকলাপকে উৎসাহ দিচ্ছে। শুধু নিজেরা এমন মন্তব্য করাই নয়, অন্য পড়ুয়াদেরও এই ধরনের বক্তব্যে প্ররোচিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন এমন পরিবেশ তৈরি হবে, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।
রাতেই ভোল বদল (Jadavpur University)
এরপরই শনিবার রাতে বিতর্কিত দেওয়াল লিখনের উপর সাদা রং পড়তে দেখা যায় বলে খবর। শুধু সংশ্লিষ্ট হোস্টেলের দেওয়াল নয়, ক্যাম্পাসের আরও একাধিক জায়গায় একই ধরনের বিতর্কিত স্লোগান, ছবি ও দেওয়াল লিখন থাকার অভিযোগ উঠেছে। ফলে এবার গোটা ক্যাম্পাসে থাকা এমন দেওয়াল লিখনও মুছে ফেলা হবে কি না, সেদিকেই নজর থাকবে।
অন্যদিকে, ঘটনার পর এখনও পর্যন্ত এসএফআইয়ের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এবং কার নির্দেশে এই দেওয়াল লিখন মুছে ফেলা হল, তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।



