Bengal Liberty : সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বের হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ক্যামাক স্ট্রিটে নিজের দফতরের সামনে পুরসভার বিলবোর্ড খোলা নিয়ে ধস্তাধস্তির ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। তার মধ্যে রয়েছে শ্লীলতাহানির ধারাও। মঙ্গলবার থানায় হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। বেরিয়ে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করার অভিযোগ তুললেন তিনি। একই সঙ্গে পুলিশ ও রাজ্য সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ (Abhishek Banerjee)।

ঘটনার সূত্রপাত (Abhishek Banerjee)
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের বাইরে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। চলে ধস্তাধস্তি। ঘটনাস্থলে মহিলা পুলিশ কর্মীরাও ছিলেন। ধাক্কাধাক্কির মধ্যে কয়েকজন মাটিতে পড়ে যান। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর এবং তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলাতেই মঙ্গলবার থানায় হাজিরা দেন অভিষেক। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তিনি দাবি করেন, রাজনৈতিক কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশের উদ্দেশ্যে বার্তা অভিষেকের (Abhishek Banerjee)
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “শাসক কোনও দিন গণতন্ত্রের শেষ কথা বলে না। মিথ্যা মামলা দিয়ে ভাবছেন দমিয়ে রাখবেন?” তাঁর দাবি, তৃণমূলের ১৩ জন কর্মীকে কোনও নোটিস ছাড়াই গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদকারী পুলিশ আধিকারিকদের নিয়েও কটাক্ষ করেন তিনি। অভিষেকের বক্তব্য, “ওঁরা চাকরি করতে হবে বলে প্রশ্ন করছেন। চাকরি করতে হবে, ভয় পাচ্ছেন।” তাঁর দাবি, রাজনৈতিক চাপেই এই মামলা করা হয়েছে। অভিষেকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগও এ দিন উড়িয়ে দেন তিনি। পাল্টা দাবি করেন, ঘটনার ভিডিয়ো তাঁদের কাছে রয়েছে। তাঁর কথায়, “কারও শ্লীলতাহানি করা হয়নি। আমাদের কাছে ভিডিয়ো আছে।” পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, ঘটনার দিন পুলিশকর্মী ও আধিকারিকরা তাঁদের কর্মী-সমর্থকদের সিঁড়ি থেকে টানতে টানতে নামিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপরই প্রশ্ন ছোড়েন, “মানুষের ভোটে নির্বাচিত হলে এত ভয় কীসের?”
আরও খবর

ফায়ার অডিট নিয়েও প্রশ্ন, ‘যা ক্ষমতা আছে করুক’ (Abhishek Banerjee)
বিলবোর্ড খোলা নিয়ে উত্তেজনার পর ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে যায় পুলিশ। সেই প্রসঙ্গও টেনে আনেন অভিষেক। তাঁর প্রশ্ন, অন্য জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই ধরনের তৎপরতা কেন দেখা যায়নি? তিনি বলেন, “তারাপীঠে যখন আগুনে পুড়ে মানুষের মৃত্যু হল, আলিপুরে যখন আগুনে পুড়ে ৪০০০ ইভিএম ছারখার হয়ে গেল, তখন কোনও ফায়ার অডিট হয়নি।” এরপরই সরাসরি চ্যালেঞ্জের সুরে অভিষেক বলেন, “ওদের যা ক্ষমতা আছে করুক। মিথ্যা মামলায় গ্রেফতার করে দমিয়ে রাখবে ভাবলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে।”
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/01/ram-navami/


