Droupadi Murmu
Bengal Liberty, Kolkata:
উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসনের ভূমিকা এবং অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu) । শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিয়ে অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাষ্ট্রপতি বলেন, “জানি না, মমতাদির আমার উপর কেন রাগ!” তাঁর মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। তাঁর বক্তব্যের জবাব দিতে গিয়ে সরাসরি নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি কেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই রাষ্ট্রপতিকে দিয়ে মন্তব্য করানো হচ্ছে।

বিজেপির এজেন্ডা প্রসঙ্গ তুলে আক্রমণ মমতার (Droupadi Murmu)
রাষ্ট্রপতির মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, তিনি রাষ্ট্রপতিকে যথেষ্ট সম্মান করেন, কিন্তু তাঁকে “বিজেপির নীতির ফাঁদে ফেলা হয়েছে” বলেই তাঁর অভিযোগ। মমতার কথায়, রাজ্যে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পরিবেশ তৈরি করতেই এমন মন্তব্য করা হয়েছে। এমনকি তাঁর দাবি, ভবিষ্যতে ‘রাষ্ট্রপতি শাসন’ জারির পরিকল্পনার ইঙ্গিত দিতেই এই ধরনের বক্তব্য সামনে আনা হচ্ছে।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, উত্তরবঙ্গের আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনের অনুষ্ঠান সম্পর্কে রাজ্য সরকারকে আগে থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। ফলে সেই কর্মসূচিতে সরকারি উপস্থিতি না থাকাকে কেন্দ্র করে যে অভিযোগ উঠছে, তা বাস্তবসম্মত নয় বলেই দাবি তাঁর।

আদিবাসী প্রকল্প তুলে ধরে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা (Droupadi Murmu)
রাষ্ট্রপতির বক্তব্যে পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কি না, সেই প্রশ্ন ওঠার পরই পাল্টা অবস্থান নেয় রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়, আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য।
ধর্নামঞ্চ থেকে মমতা জানান, অলচিকি লিপির স্বীকৃতি থেকে শুরু করে ‘জয় জোহার’ প্রকল্প, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আদিবাসী সমাজকে আর্থিক ও সামাজিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অন্য রাজ্যে আদিবাসীদের উপর আক্রমণের ঘটনা ঘটলেও সে বিষয়ে ততটা সরব হওয়া হয় না, অথচ পশ্চিমবঙ্গকে বারবার রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে।
অন্যদিকে রাষ্ট্রপতির সফরে উপস্থিত দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা দাবি করেন, রাজ্যের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেশের সাংবিধানিক প্রধানকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। ফলে রাষ্ট্রপতির সফরকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

Narendra Modi: রাষ্ট্রপতির অসম্মানের কারণ হিসেবে তৃণমূল সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী@bengalliberty @narendramodi @SuvenduWB @BJP4India @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #Narendra_Modi #suvenduadhikari #BJP #TMC #MamataBanerjee #WestBengalElection pic.twitter.com/bX51UGyY5Q
— Bengal Liberty (@bengalliberty1) March 7, 2026
গাফিলতি ঢাকতে ফের আক্রমণ বিজেপিকে? (Droupadi Murmu)
সব মিলিয়ে রাষ্ট্রপতির সফরকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক সংস্কৃতি, দুটোকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মু প্রকাশ্যে অসন্তোষ জানানো সত্ত্বেও তার দায় স্বীকার না করে বারবার কেন্দ্র ও বিজেপিকে দোষারোপ করার কৌশলই নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমালোচকদের মতে, প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই আদিবাসী প্রকল্পের দীর্ঘ তালিকা তুলে ধরে বিষয়টিকে রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণের দিকে ঘোরানোর চেষ্টা হয়েছে। এর ফলে মূল প্রশ্ন থেকেই যাচ্ছে- রাষ্ট্রপতির মতো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর সফর ঘিরে যদি এমন অসন্তোষ প্রকাশ্যে আসে, তবে রাজ্যের প্রশাসনিক সমন্বয় ও দায়িত্ববোধ কতটা কার্যকর, তা নিয়েই স্বাভাবিকভাবেই উঠছে বড় প্রশ্ন।
আরও পড়ুন :
Modi Attacks TMC: রাষ্ট্রপতি ইস্যুতে তৃণমূলকে তোপ মোদির, “সীমা লঙ্ঘন করেছে রাজ্য সরকার”
