A23a
Bengal Liberty: ভেঙে যাচ্ছে A23a। হারাল বিশ্বের বৃহত্তম হিমশৈলের মর্যাদা। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম হিমশৈল A23a ভাঙতে শুরু করেছে। এর বিশাল অংশ বিচ্ছিন্ন হয়ে নতুন হিমশৈল তৈরি করছে। সাগরের স্রোতে ভেসে উত্তর-পশ্চিম দিকে ‘আইসবার্গ অ্যালি’ অঞ্চলের দিকে সরে যাচ্ছে। এই কারণে A23a আর বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল হিসেবে রইল না। প্রায় চার দশক ধরে অ্যান্টার্কটিকা থেকে ভেসে আসা এই হিমশৈল সাম্প্রতিক সময়ে দ্রুত গলতে শুরু করেছে। বিজ্ঞানীদের মতে, এ ঘটনা বৈশ্বিক সমুদ্রস্রোত এবং জলবায়ুর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরের একটি বিশাল আইস শেলফ থেকে আলাদা হয়েছিল হিমশৈল A23a। সম্পূর্ণ হিমায়িত মিষ্টি জলে তৈরি এই বরফখণ্ডটির আয়তন ছিল প্রায় ১,৫৪৪ বর্গমাইল। প্রায় রোড আইল্যান্ডের সমান। দীর্ঘ দশক ধরে এটি একই জায়গায় অবস্থান করছিল। কিন্তু, ৪০ বছর পর গত ২০২৩ সালে দেখা যায় যে― A23a ধীরে-ধীরে টুকরো হয়ে যাচ্ছে। উষ্ণ জলে ভাসছে।

জলবায়ু পরিবর্তনের জের (A23a)
TU Delft-এর ভূবিজ্ঞানী বার্ট ভাউটার্স একে বলেছেন “প্রকৃতির এক পরীক্ষাগার। ভবিষ্যতের জলবায়ুর ছবি আমাদের চোখের সামনে তুলে ধরল।’’
এই মুহূর্তে A23a-কে একাধিক টুকরো হতে দেখা যাচ্ছে। এএফপি (AFP)–র তথ্য অনুযায়ী, A23a-র প্রায় অর্ধেক অংশ পৃথক হয়ে গিয়েছে। বর্তমানে এর দৈর্ঘ্য ৬৮৪ বর্গমাইল এবং প্রস্থ ২৩ বর্গমাইল।
স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, A23a দিনে কখনও-সখনও ১২ মাইল পর্যন্ত উত্তর দিকে সরে যাচ্ছে। এমন বিশাল বরফখণ্ডের জন্য যা অবিশ্বাস্য গতি।
বিজ্ঞানী অ্যান্ড্রু মেইজার্স জানিয়েছেন, উষ্ণ সমুদ্রজলের নিচ থেকে বরফকে ক্ষয়ে যাচ্ছে। বরফখণ্ডটি ভেতর থেকে পচে যাচ্ছে। শুধু ভাঙছে না, ক্রমাগত গলছেও।
