Bhabanipur Returning Officer Removal
Bengal Liberty Desk, ২৪ মার্চ, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের (ECI) নিরপেক্ষতা নিয়ে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি দাবি করলেন, নির্বাচন কমিশন এখন পুরোপুরি বিজেপির অঙ্গুলিহেলনে চলছে (Mamata attacks ECI)।
ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে: মমতা (Mamata attacks ECI)

মুখ্যমন্ত্রীর অভিযোগের কেন্দ্রে রয়েছে কেরলের একটি ঘটনা। সেখানে নির্বাচন কমিশনের একটি অফিশিয়াল নোটিফিকেশনে বিজেপির রাবার স্ট্যাম্প বা সিল দেখা গিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। একটি খবরের কাগজের কাটিং দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশনের লেটারহেডে বিজেপির স্ট্যাম্প? এরা কখনও কখনও বলে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। কমিশন যে নিরপেক্ষ নয় এবং বিজেপিই পিছন থেকে কলকাঠি নাড়ছে, এটা তার সবথেকে বড় প্রমাণ”। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক একে ‘ক্লারিকাল এরর’ বললেও মুখ্যমন্ত্রী তা মানতে নারাজ।
৭৩ জন রিটার্নিং অফিসার বদল ও নন্দীগ্রাম প্রসঙ্গ (Mamata attacks ECI)

গতকাল, সোমবার রাতে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে (RO) বদলি করার কমিশনের সিদ্ধান্তকেও একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রীর কথায়, “কেন নন্দীগ্রামের বিডিও-কে হঠাৎ ভবানীপুরের রিটার্নিং অফিসার করে আনা হলো? কেন এই রদবদল?”
ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-কে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, এটি রাজ্য প্রশাসনের ওপর সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ এবং একটি অঘোষিত ‘জরুরি অবস্থা’র সমান।
মধ্যরাতে ভোটার তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন মমতার (Mamata attacks ECI)

ভোটের মুখে মধ্যরাতে ভোটার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা নিয়েও কমিশনকে আক্রমণ করেছেন মমতা। তাঁর প্রশ্ন, “কেন মাঝরাতে চুপিচুপি তালিকা প্রকাশ করতে হল? কমিশন কি ভয় পেয়েছে? এর অর্থ হল স্বচ্ছতার অভাব রয়েছে এবং তারা আরও অনেক নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে।”
আরও পড়ুন-
Mamata Banerjee: বিরোধীদের চাপে ফ্রন্টফুটে মমতা! ভোটের আগে তড়িঘড়ি জনসভায় ঝাঁপ তৃণমূল সুপ্রিমোর
Returning Officers removed WB: ভোটের মুখে কমিশনের মেগা রদবদল! বাংলা থেকে ৭৩ জন রিটার্নিং অফিসারকে একযোগে অপসারণ, তালিকায় মমতার ভবানীপুরও
সর্বদলীয় জোটের ডাক (Mamata attacks ECI)
গণতন্ত্র বাঁচাতে ডান, বাম সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আসুন আমরা সবাই মিলে এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ি। কে বামপন্থী আর কে ডানপন্থী সেটা বড় কথা নয়, এই এজেন্সি ও কমিশনের রাজত্ব থেকে মানুষকে বাঁচাতে হবে।”
এদিন বিকেলে শিলিগুড়ি পৌঁছে নির্বাচনী প্রচার শুরু করার কথা রয়েছে তাঁর। কমিশনের এই পদক্ষেপের পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস আরও বড় আন্দোলনের পথে হাঁটতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের।
