Purba Medinipur DM removed
Bengal Liberty, kolkata ;
ভোট কর্মীদের তালিকায় নিয়ম বহির্ভূতভাবে ‘চুক্তিভিত্তিক কর্মীদের’ নাম ঢোকানোর অভিযোগে সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের বর্তমান জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইলকে (Purba Medinipur DM removed)। আজ, বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতে নতুন জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার নিরঞ্জন কুমারকে। SIR পর্বে নিরঞ্জন কুমারকে রোল অবজার্ভার হিসেবে রাখা হয়েছিল।

নিয়মভঙ্গের অভিযোগে কঠোর পদক্ষেপ
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, পোলিং ডিউটি বা ভোটের কাজের জন্য নির্দিষ্ট ডেটাবেসে চুক্তিভিত্তিক কর্মীদের রাখা যায় না। ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। সেই অভিযোগকে গুরুত্ব দিয়েই সংশ্লিষ্ট আইএএস অফিসারকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। তাঁর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিরঞ্জন কুমারকে।
তড়িঘড়ি দায়িত্বভার গ্রহণের নির্দেশ
বুধবার প্রকাশিত চিঠিতে কমিশন স্পষ্ট জানিয়েছে, ২০০৭ ব্যাচের আইএএস অফিসার নিরঞ্জন কুমারকে অবিলম্বে এই দায়িত্ব বুঝে নিতে হবে। আগামীকাল, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে তাঁর কাজে যোগ দেওয়ার রিপোর্ট কমিশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে।
ডেপুটেশনে ৫ আধিকারিক
অপরদিকে, রাজ্যে আসন্ন নির্বাচনের কাজের চাপ সামাল দিতে নবান্নের কাছে অতিরিক্ত অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন। সেই আবেদনে সাড়া দিয়ে পাঁচজন ডাব্লুবিসিএস পর্যায়ের আধিকারিককে কমিশনের অধীনে ডেপুটেশনে পাঠানো হয়েছে। তাঁরা হলেন অভীক চ্যাটার্জি, সঙ্গীতা ব্যানার্জি, দীপ্তার্ক বসু, দোনা চক্রবর্তী, আদিত্য বসু। নির্দেশিকা অনুযায়ী, এই আধিকারিকরা সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে কাজ করবেন। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা কমিশনের এই বিশেষ দায়িত্বেই বহাল থাকবেন।
