Weather Alert
Bengal Liberty, ৩০ এপ্রিল :
মাস শেষ হতে না হতেই ফের বদলে গেল আবহাওয়ার মেজাজ (Weather Alert)। তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তি আনতে আজ বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ গোটা বাংলায় শুরু হচ্ছে ঝড়-বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত, কালবৈশাখী ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। তাই রাজ্যবাসীকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সব জেলায় ঘণ্টায় প্রায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
বিশেষ করে পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকায় প্রশাসনিকভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়া ক্রমশ খারাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গের আকাশ আরও বেশি ভারী হতে চলেছে। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় অবস্থানরত একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে এই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৭-২০ সেমি পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ৭ থেকে ১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
