Weather Alert
Bengal Liberty, ৮ মে :
বৈশাখের মাঝামাঝি সময়েও তীব্র গরমের বদলে ভিজে-স্যাঁতস্যাঁতে আবহাওয়ার দাপটেই নাজেহাল বাংলা (Weather Alert)। সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের পরই আচমকা ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া, কোথাও আবার টানা মুষলধারে বৃষ্টি, গত কয়েকদিন ধরে এমনই অস্থির আবহাওয়ার ছবি ধরা পড়ছে রাজ্যের একাধিক জেলায়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অফিস ফেরত মানুষজন। সন্ধ্যার মুখে ঝড়বৃষ্টি নামায় রাস্তাঘাটে যানজট, জল জমা এবং ভোগান্তি যেন নিত্যদিনের ছবি হয়ে উঠেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার পাশাপাশি অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির জেরেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই বঙ্গেই বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইবে।বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আগামীকাল শনিবার ব্রিগেড ময়দানে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বাড়তি নজর আবহাওয়ার দিকে। পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবুও উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে। সোম ও মঙ্গলবার আবহাওয়া তুলনামূলকভাবে শুকনো থাকলেও, বুধবার অর্থাৎ ১৩ মে ফের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির আমেজ বজায় থাকছে। আজ শুক্রবার দার্জিলিং থেকে কোচবিহার, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে মাঝেমধ্যেই দমকা হাওয়া ও ঝোড়ো বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ১০ ও ১১ মে, অর্থাৎ শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি চলতে পারে।
তবে ১২ মে মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ওই পাঁচ জেলাতেই আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাহাড়ি এলাকায় মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির জেরে তাপমাত্রাও স্বাভাবিকের নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।
