Weather Alert
Bengal Liberty, ৯ মে :
রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে শনিবার নজর থাকবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে। আর সেই গুরুত্বপূর্ণ দিনের শুরুতে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর (Weather Alert)। সকাল ও দুপুর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেলের পর থেকেই বদলাতে পারে আবহাওয়ার ছবি। ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও বজায় থাকবে বৃষ্টি ও ঝড়ের দাপট। বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন পাঁচ জেলায় (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার অধিকাংশ এলাকাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। তবে দিনের প্রথমভাগে আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার ও মঙ্গলবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬ থেকে ৯৮ শতাংশের মধ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিং থেকে কোচবিহার, প্রায় সব জেলারই অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পুরোপুরি বিরতি মিলবে না। মঙ্গলবার থেকে ফের সক্রিয় হবে বৃষ্টির দাপট। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই পাঁচ জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় ধসপ্রবণ অঞ্চল ও নদী সংলগ্ন এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
