Suvendu Adhikari
Bengal Liberty, ৯ মে :
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার ক্ষমতায় বিজেপি (CM Suvendu Adhikari)। পঁচিশে বৈশাখের দিন, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। একসময় পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল যে বাংলার ক্ষমতা দখল করেছিল, সেই বাংলাতেই এবার একই পরিবর্তনের ডাকে পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতার কেন্দ্রে উঠে এল বিজেপি। আর সেই পরিবর্তনের মুখ হয়ে উঠলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। রবীন্দ্রজয়ন্তীর দিনকে সামনে রেখে বিজেপি স্পষ্ট বার্তা দিল-বাংলার রাজনীতিতে শুধু সরকার বদল নয়, শুরু হতে চলেছে নতুন রাজনৈতিক অধ্যায় (CM Suvendu Adhikari)।

আজ শক্তিপ্রদর্শনের মঞ্চে বিজেপির শীর্ষ নেতৃত্ব (CM Suvendu Adhikari)
শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে শনিবার সকাল থেকেই কার্যত নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে তিলোত্তমা কলকাতা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেগা মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় নতুন সরকারের পথচলার, তৈরি হয় আবেগঘন কিন্তু স্পষ্ট রাজনৈতিক বার্তার পরিবেশ। শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন শপথ নেন বিজেপির একাধিক প্রথম সারির নেতা। নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। কার হাতে কোন দপ্তর যাচ্ছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরই একে একে প্রত্যেকে শপথ নিলেন।

আবেগঘন ব্রিগেড (CM Suvendu Adhikari)
শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতেই বিজেপির প্রবীণ নেতা তথা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ৯৭ বছরের মাখনলাল সরকারকে বিশেষ সম্মান জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তাঁকে চাদর পরিয়ে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বাংলার উন্নয়ন ও প্রশাসনিক পরিবর্তনের শপথ নেন। শপথের পর প্রধানমন্ত্রীকে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতেও দেখা যায়। মেদিনীপুরের মাটি থেকে উঠে এসে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আসনে পৌঁছনোর এই রাজনৈতিক যাত্রাকে শুভেন্দু-সমর্থকরা “ঐতিহাসিক পালাবদল”-এর প্রতীক হিসেবেই তুলে ধরছেন। আর তখনই ব্রিগেডের আকাশ জুড়ে একসঙ্গে ধ্বনিত হচ্ছে “জয় শ্রী রাম” স্লোগান, শঙ্খধ্বনি আর গেরুয়া উচ্ছ্বাস।
