Himanta Biswa Sarma
Bengal liberty desk, 12 মে ,গুয়াহাটি:
আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার অসম (Himanta Biswa Sarma)। গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি কলেজ ময়দানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজেপি নেতা ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে এনডিএ (NDA) জোটের এই জয় কেবল একটি নির্বাচন নয়, বরং অসমের রাজনীতিতে বিজেপির অপ্রতিরোধ্য আধিপত্যের নতুন দলিল হিসেবে চিহ্নিত হলো।

গুয়াহাটিতে চাঁদের হাট: Himanta Biswa Sarma
অসমের এই বিজয়াভিষেক অনুষ্ঠানে আজ দেশের নক্ষত্র সমাবেশ ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে বিজেপি সভাপতি নীতিন নবীন— দিল্লির শীর্ষ নেতৃত্বের প্রায় সকলেই উপস্থিত হয়েছেন। এছাড়াও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই বিশেষ মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে গুয়াহাটিতে ভিড় জমিয়েছেন

আমন্ত্রিত ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু:
এই অনুষ্ঠানের অন্যতম বড় চমক পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি। গত ৯ মে কলকাতায় নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে পাশে পেয়েছিলেন। আজ সেই সৌজন্য ফিরিয়ে দিতে সকালেই দমদম বিমানবন্দর থেকে বিশেষ বিমানে গুয়াহাটি পৌঁছে যান শুভেন্দু। গুয়াহাটি বিমানবন্দরে নামার পর থেকেই তাঁকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রতিবেশী রাজ্যের দুই দাপুটে মুখ্যমন্ত্রীর এই রসায়ন আগামী দিনে পূর্ব ভারতে বিজেপির সংগঠনকে আরও মজবুত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রেকর্ড গড়া জয়:
১২৬ আসনের অসম বিধানসভায় এবার এনডিএ জোট ১০২টি আসন দখল করেছে, যার মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। কংগ্রেস মাত্র ১৯টি আসনে সীমাবদ্ধ থেকেছে। হিমন্ত বিশ্ব শর্মা প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে টানা দুবার শপথ নিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন।
মন্ত্রিসভায় নতুন ও পুরনোর মেলবন্ধন:
হিমন্তের সঙ্গে আজ আরও চারজন মন্ত্রী শপথ নিচ্ছেন। তাঁরা হলেন— বিজেপি থেকে রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ, অসম গণ পরিষদের অতুল বোরা এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের চরণ বোড়ো। এছাড়াও প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ-র প্রার্থী হচ্ছেন বলে জানা গিয়েছে।
সাজসজ্জায় জাঁকজমক:
খানাপাড়া ময়দান আজ সেজে উঠেছে গেরুয়া আবহে। হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা থেকে শুরু করে বিশিষ্ট অতিথিদের জন্য পৃথক মঞ্চ— সব মিলিয়ে আয়োজনে কোনো খামতি ছিল না। গোটা গুয়াহাটি শহর জুড়ে উৎসবের মেজাজ।
অসমে হিমন্ত বিশ্ব শর্মার এই রাজ্যাভিষেক আসলে উন্নয়ন আর সংগঠনের জয়। প্রধানমন্ত্রী মোদি যে ‘ডবল ইঞ্জিন’ সরকারের কথা বলেন, অসমের মাটিতে তা আজ আবারও প্রমাণিত। আর সেই আনন্দ ভাগ করে নিতে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতি দুই রাজ্যের ভ্রাতৃত্বের এক নতুন দিগন্ত খুলে দিল।
