NEET - UG 2026
Bengal Liberty, ১২ মে :
লক্ষ লক্ষ স্বপ্ন এবং দীর্ঘ অধ্যবসায়ের উপর আচমকাই নেমে এল চরম অনিশ্চয়তার কালো মেঘ (NEET – UG 2026)। দেশের অন্যতম কঠিন এবং সম্মানজনক চিকিৎসা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষা NEET – UG ২০২৬ বাতিল করার কড়ার সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। গত ৩ মে হওয়া এই মেগা পরীক্ষায় ‘গেজ পেপার’ ফাঁসের বিস্ফোরক অভিযোগ ওঠায়, স্বচ্ছতার প্রশ্নে কোনো রকম আপস করতে রাজি হয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। মেধার মর্যাদা অটুট রাখতে এবং গোটা প্রক্রিয়ার ওপর থেকে কলঙ্কের দাগ মুছতে এবার এই দুর্নীতির তদন্তভার সরাসরি তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে (NEET – UG 2026)।

দুর্নীতির শিকড় সন্ধানে সিবিআই ও এনটিএ-র কড়া অবস্থান (NEET – UG 2026)
ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে স্পষ্ট জানানো হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরীক্ষা বাতিলের মতো এই চরম পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে এটা পরিষ্কার যে, পরীক্ষা প্রক্রিয়ার পবিত্রতা ও গোপনীয়তা চূড়ান্তভাবে ক্ষুণ্ণ হয়েছে। কীভাবে কড়া নজরদারির নিশ্ছিদ্র জাল কেটে পরীক্ষার আগেই এই ‘গেজ পেপার’ বাইরে ছড়িয়ে পড়ল এবং এর নেপথ্যে কোনো বড়মাপের প্রভাবশালী চক্র সক্রিয় কি না, তা এবার গভীরে গিয়ে খতিয়ে দেখবে সিবিআই। এনটিএ-র তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সমস্ত ডেটা ও নথি দিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের স্বার্থে পরীক্ষা বাতিল করা ছাড়া কর্তৃপক্ষের কাছে অন্য কোনো বিকল্প পথ খোলা ছিল না বলে জানা যাচ্ছে।

নতুন করে পরীক্ষার ঘোষণা (NEET – UG 2026)
আচমকা পরীক্ষা বাতিলের ঘোষণায় ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে উৎকণ্ঠা ছড়ালেও, পরিস্থিতি সামাল দিতে দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছে এনটিএ। খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে। পরীক্ষার্থীদের হয়রানি কমাতে একগুচ্ছ নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে। জানানো হয়েছে, এই পুনরায় পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের নতুন করে কোনো রেজিস্ট্রেশন বা বাড়তি ফি জমা দিতে হবে না, উল্টে পূর্ববর্তী ফি রিফান্ডের প্রক্রিয়াও শুরু করা হবে। পুরনো ডেটা এবং আগে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রগুলোই এক্ষেত্রে বহাল থাকছে। শুধু পরীক্ষার আগে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। একইসঙ্গে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোনো ভিত্তিহীন গুজবে কান না দিয়ে পড়ুয়াদের কেবল এনটিএ-র ওয়েবসাইটের ওপর নজর রাখার এবং নতুন উদ্যমে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় গোয়েন্দাদের জালে এই চক্রের মূল পাণ্ডারা কবে ধরা পড়ে !
