Parambrata Swastika
Bengal liberty desk, 22 মে,কলকাতা:
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনের একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে বড়সড় আইনি সমস্যায় জড়ালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Parambrata Swastika)। তাঁদের বিরুদ্ধে কলকাতার গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন।

কী ছিল সেই বিতর্কিত পোস্ট? Parambrata Swastika
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২ মে যখন তৃণমূলের জয় নিশ্চিত হয়ে যায়, তখন পরমব্রত ফেসবুকে লিখেছিলেন— ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ এই পোস্টে সমর্থন জানিয়ে স্বস্তিকা কমেন্ট করেছিলেন— ‘হোক হোক’।

কেন এই অভিযোগ?
অভিযোগকারী আইনজীবীর দাবি, তারকাদের এই ‘রগড়ানি’ মন্তব্য সেই সময় ভোট পরবর্তী হিংসায় প্রচ্ছন্ন উস্কানি দিয়েছিল। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, পরমব্রতর এই পোস্টের ঠিক এক ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খুন করা হয়। অভিযোগকারীর মতে, শাসকদলের কর্মী-সমর্থকেরা এই ধরণের উস্কানিমূলক মন্তব্যে উৎসাহিত হয়েই হিংসার পথ বেছে নিয়েছিল।
বর্তমান পরিস্থিতি:
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ। এই অভিযোগকে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৪৭ ধারায় (প্ররোচনা দেওয়া) ফেলা হয়েছে, যা একটি জামিন অযোগ্য অপরাধ।
সদ্য সমাপ্ত নির্বাচনেও রাজনৈতিক সমীকরণ বদলেছে, যার ফলে পুরনো এই ঘটনা এখন নতুন করে টলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে পরমব্রত বা স্বস্তিকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
