Sandip Ghosh
Bengal liberty desk, 22 মে, কলকাতা:
আরজি কর কাণ্ডের অন্যতম অভিযুক্ত তথা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে বেআইনি নির্মাণের হদিশ পেল কলকাতা পুরসভা। বাড়ির ছাদের অননুমোদিত অংশ-সহ একাধিক নির্মাণ আগামী ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে পুর কর্তৃপক্ষ। (Sandip Ghosh)

কী কী বেআইনি নির্মাণ পাওয়া গেছে? Sandip Ghosh
পুরসভার স্পেশাল অফিসার বিল্ডিং-এর রিপোর্টে জানানো হয়েছে, বেলেঘাটার বদন রায় লেনের ওই বাড়িতে মূলত তিনটি ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। বাড়ির ছাদে প্রায় ৫.৪২৫ বর্গমিটার এলাকা জুড়ে একটি বেআইনি ‘পারগোলা’ বা আচ্ছাদন তৈরি করা হয়েছে। লিফটের মেশিন রুমে যাওয়ার জন্য ছাদের ওপর একটি লোহার প্যাঁচানো সিঁড়ি বসানো হয়েছে, যার অনুমতি ছিল না। এমনকি বাড়ির তিন তলায় দরজার জায়গায় নতুন করে একটি ইটের দেওয়াল তোলা হয়েছে।
এই নির্মাণগুলি ২০০৯ সালের মিউনিসিপাল বিল্ডিং আইনের ১৩৩ ও ১৩৪ নম্বর ধারা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে পুরসভা।

শুনানি ও রায়:
অংশুমান সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই মামলার শুনানি শুরু হয়। গত ১৪ মে-র শুনানিতে সন্দীপ ঘোষের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয় যে, এই নির্মাণগুলি মূল নকশায় ছিল না। এরপরই পুরসভার স্পেশাল অফিসার এস বোরাল নির্দেশ দেন যে, নির্দেশিকা পাওয়ার ৪৫ দিনের মধ্যে ছাদের ওই বেআইনি অংশটি সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বর্তমান প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার ছাড়পত্র দিয়েছেন। এবার পুরসভার এই পদক্ষেপ সেই সক্রিয়তারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে আর্থিক দুর্নীতির মামলায় জেলবন্দি রয়েছেন সন্দীপ ঘোষ।
