Sandip Ghosh
Sandip Ghosh

দ্বিতীয় সমনে ইডি দফতরে হাজির সন্দীপ ঘোষ

ইডি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা ছিল সন্দীপের। কিন্তু নির্ধারিত সময়ে তিনি পৌঁছননি। বরং আইনজীবীর মাধ্যমে তদন্তকারীদের কাছে আরও সময় চেয়েছিলেন। তবে তাঁর সেই আর্জিতে সাড়া দেয়নি ইডি। এ দিনই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। সেই মতো দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। যদিও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। উল্লেখ্য, গত ৪ নভেম্বর প্রথম বার সন্দীপকে তলব করেছিল ইডি। কিন্তু সে দিন হাজিরা না দিয়ে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চেয়েছিলেন তিনি। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের আর্জিও জানিয়েছিলেন। তার পরেই দ্বিতীয় বার সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরেই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। পরে একই মামলার তদন্তে নামে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠিয়ে পরিকল্পিত ভাবে তা সরিয়ে ফেলা হয়েছিল। ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক লেখা হয়। সেই চেকের মাধ্যমে টাকা তোলা হয়। আবার কিছু টাকা অন্য সহযোগী সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকেও টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমেই আর্থিক দুর্নীতির বিষয়টি আড়াল করার চেষ্টা হয়েছিল। এই গোটা প্রক্রিয়ায় সন্দীপ ঘোষের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।