Bengal Liberty : উত্তরবঙ্গের ধুঁকতে থাকা চা-শিল্পকে নতুন করে চাঙ্গা করতে একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বিশেষ নজরে দার্জিলিং চায়ের আন্তর্জাতিক পরিচিতি ও চা-শ্রমিকদের আর্থিক-সামাজিক উন্নয়ন। শ্রমিকদের সন্তানদের শিক্ষা এবং পরিবারের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে ৩১২ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। রবিবার কার্শিয়াংয়ের মকাইবাড়ি চা-বাগানে শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন তিনি। পাশাপাশি চাষিদের উৎপাদিত চায়ের ন্যায্য দাম, স্বচ্ছ নিলাম ব্যবস্থা, রফতানিতে ভর্তুকি এবং দার্জিলিং চায়ের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতেও একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।
মমতা সরকারকে নিশানা পীযূষের
রবিবার মকাইবাড়ি চা-বাগানের টি-রিসর্টে বিশেষ বৈঠক ও ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দেন পীযূষ গোয়েল। সেখানে চা-বাগানের মালিক, ক্ষুদ্র চাষি, রফতানিকারক এবং শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি। বৈঠক শেষে জানান, ‘প্রধানমন্ত্রী চা-শ্রমিক উৎসাহ যোজনা’-র অধীনে পশ্চিমবঙ্গের চা-শ্রমিকদের জন্য ৩১২ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই অর্থ মূলত শ্রমিকদের সন্তানদের পড়াশোনা এবং তাঁদের পরিবারের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে ব্যয় করা হবে। এই প্রসঙ্গে রাজ্যের পূর্ববর্তী সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, কয়েক বছর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রকল্পটি ঘোষণা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আড়াই থেকে তিন বছর এ নিয়ে কোনও আলোচনা করেনি। ফলে অসমের চা-শ্রমিকরা প্রকল্পের সুবিধা পেলেও বাংলার শ্রমিকরা বঞ্চিত ছিলেন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
চায়ের ন্যায্য দাম নিশ্চিত করতে স্বচ্ছ নিলাম
চা-শিল্পের অন্যতম সমস্যা উৎপাদিত চায়ের ন্যায্য দাম না পাওয়া। সেই সমস্যা মেটাতে নিলাম ব্যবস্থায় স্বচ্ছতা আনার উপর বিশেষ জোর দিয়েছেন পীযূষ গোয়েল। তাঁর বক্তব্য, টি-ডাস্টের ক্ষেত্রে উৎপাদিত চায়ের নিলাম বাধ্যতামূলক করার পর চাষিরা আগের তুলনায় ভালো দাম পাচ্ছেন। বর্তমানে অন্যান্য চায়ের ক্ষেত্রে ৫০ শতাংশ নিলামের নিয়ম চালু রয়েছে। তবে শিল্পমহলের দাবি মেনে সমস্ত উৎপাদিত চা নিলামের আওতায় আনা সম্ভব কি না, তা খতিয়ে দেখবে টি-বোর্ড। এ নিয়ে দ্রুত সমীক্ষা চালানো হবে। পাশাপাশি নিলাম প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে বিশেষ দল কাজ শুরু করেছে। পুরনো চা-গাছের পরিবর্তে নতুন চারা রোপণের জন্যও একটি বিশেষ প্রকল্প আনার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, চা-গাছের উৎপাদনক্ষমতা ও গুণমান বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
আরও খবর
পাশাপশি, আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের চাহিদা বাড়ানো এবং দার্জিলিং চায়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে ‘এক্সপোর্ট প্রমোশন মিশন’-কে কাজে লাগাতে চাইছে কেন্দ্র। দার্জিলিং থেকে বন্দর পর্যন্ত চা পরিবহনের বিপুল খরচ কমাতে রফতানিকারকদের বিশেষ ছাড় বা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে। চায়ের গুণমান উন্নত করতে গবেষণা প্রতিষ্ঠানগুলির পুরনো বকেয়া মেটানো এবং নতুন গবেষণায় অর্থ জোগানোর কথাও জানিয়েছেন পীযূষ।


