Baduria Municipality
Bengal Liberty:
দীপঙ্কর ভট্টাচার্যের হিসাবরক্ষক ও পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে ঘিরে চলা তদন্তে ফের বড় সাফল্য পেল পুলিশ (Baduria Municipality)। এবার গ্রেপ্তার করা হল তাঁর ঘনিষ্ঠ দুই সহযোগীকে। ধৃতদের নাম শামীম গাজী ও রফিকুল গাজী। বুধবার গভীর রাতে বাদুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বৃহস্পতিবার তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তোলাবাজির ‘ডন’ রফিকুল Baduria Municipality
পুলিশ সূত্রে দাবি, শামীম গাজী দীর্ঘদিন ধরে দীপঙ্কর ভট্টাচার্যের ব্যক্তিগত হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। চেয়ারম্যানের বিভিন্ন আর্থিক লেনদেন, সম্পত্তি সংক্রান্ত নথি ও অভিযোগ ওঠা একাধিক বেআইনি কাজের হিসাবও তাঁর কাছেই থাকত বলে তদন্তকারীদের অনুমান। অপরদিকে রফিকুল গাজী সম্পর্কে জানা গিয়েছে, তিনি শামীমের কাকা এবং দীপঙ্কর ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। অভিযোগ, পৌরসভাকে কেন্দ্র করে চলা তোলাবাজি ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের দেখভাল করতেন তিনিই।
তদন্তকারীদের দাবি, সম্প্রতি যে বিপুল পরিমাণ নগদ টাকা এবং কয়েক হাজার সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে, তা গোপন করে রাখার পিছনে এই দুই অভিযুক্তের সক্রিয় ভূমিকা ছিল। কোথায় কীভাবে ওই সামগ্রী লুকিয়ে রাখা হবে, তা নিয়ে পরিকল্পনা ও ব্যবস্থাপনায় শামীম ও রফিকুল সরাসরি যুক্ত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য এসেছে।
‘মুখ খোলাতেই’ বাজিমাত পুলিশের
পুলিশ হেফাজতে থাকা দীপঙ্কর ভট্টাচার্যকে একাধিক দফায় জিজ্ঞাসাবাদের পরই এই দুই ব্যক্তির নাম উঠে আসে। এরপরই তদন্তে নেমে বাদুড়িয়া থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। তদন্তকারীরা মনে করছেন, এই গ্রেপ্তারের ফলে আর্থিক দুর্নীতি, সরকারি সামগ্রী পাচার এবং তোলাবাজি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে বাদুড়িয়া জুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই পৌরসভাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠছিল, কিন্তু প্রশাসনের একাংশের মদতেই সেই সব কার্যকলাপ চলত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দীপঙ্কর ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে আরও কয়েকজনের নাম উঠে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। গোটা ঘটনায় বাদুড়িয়ার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

