Kunal Ghosh
Bengal Liberty, ২৮ মে :
শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন শুধুই পতনের পদধ্বনি। দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব আর বিদ্রোহের আগুনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ঘাসফুলের দুর্গ (Kunal Ghosh)। এমন এক দিশেহারা আবহে ড্যামেজ কন্ট্রোলে নেমে কার্যত দলের প্রতি ‘আনুগত্য’ প্রমাণে মরিয়া কুণাল ঘোষ। যে দল তাঁকে বারবার অপমানিত ও কোণঠাসা করেছে, সেই দলেরই ধুঁকতে থাকা অস্তিত্ব বাঁচাতে বিক্ষুব্ধদের আক্রমণ করে তিনি এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করলেন। ডুবন্ত জাহাজের হাল ধরতে পুরনো ছবি দিয়ে তিনি বোঝাতে চাইলেন, এই অনিবার্য ভাঙনের যুগেও তিনি তৃণমূলের ঢাল (Kunal Ghosh)।

‘ক্ষমতায় না থাকলেই শ্বাসকষ্ট?’ বললেন কুণাল (Kunal Ghosh)
দলের উপর অভিমান করার অধিকার কারও থাকলে, তালিকার শীর্ষে থাকবেন তিনিই। কুণালের স্পষ্ট কথা, “বিনা দোষে আমার থেকে বেশি যন্ত্রণা কেউ পায়নি।” তবুও এই পতনোন্মুখ সময়ে মমতাদির নেতৃত্বে দলকে ঘুরে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। বিক্ষুব্ধদের আক্রমণ করে তাঁর প্রশ্ন, যাঁরা মন্ত্রিত্বের জন্য লবি করতেন, আজ তাঁরা অন্য সুর গাইছেন কেন? দলের স্তাবক ও ‘ফ্যান ক্লাব’ সংস্কৃতিকে কাঠগড়ায় তুলে তিনি স্মরণ করান, অতীতে তিনি সেন্সরড বা সাসপেন্ড হলে ব্রাত্য বসু ছাড়া কেউ তাঁর পাশে দাঁড়াননি। ক্ষমতা হাতছাড়া হওয়ার উপক্রম দেখেই সুবিধাবাদী নেতাদের এই ‘শ্বাসকষ্ট’ শুরু হওয়াটা অত্যন্ত দৃষ্টিকটূ।

‘আলেকজান্ডার নয়, আমি পুরু’, দলের অন্দরেই শুদ্ধিকরণের ডাক (Kunal Ghosh)
দলের সীমাহীন ভুলত্রুটি অকপটে স্বীকার করেও, ভোটের এক মাস না পেরোতেই ক্ষোভ উগরে দেওয়া নেতাদের ধৈর্য নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। যে দল এতকাল পদ ও সুযোগসুবিধা দিয়েছে, রাতারাতি তার প্রতি বীতশ্রদ্ধ হওয়াকে তিনি মানতে পারছেন না। বিক্ষুব্ধদের উদ্দেশে তাঁর বার্তা—আগে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা হোক। নেতৃত্ব ভুল না শুধরোলে তখন বিকল্প ভাবা যাবে। তিনি জানান, মমতাদির সৈনিক হিসেবে দলের পাশে থেকেই তা মজবুত করার চেষ্টা করবেন। নিজেকে ‘আলেকজান্ডার’ নয়, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করা ‘পুরু’ হিসেবেই দেখতে চান তিনি।
তৃণমূলের সহকর্মীদের কাছে সবিনয় নিবেদন।
ভোট পরবর্তী পর্যায়ে আমাদের মধ্যেই কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তৃণমূলে বিদ্রোহ, ভাঙন, ভেঙে পড়া, দলত্যাগের ইঙ্গিত বলে যা প্রচারিত হচ্ছে।
যে বা যারা এক মাসও হয়নি জিতেছেন, হেরেছেন, বা মনোনয়নের ইচ্ছা থাকলেও পাননি, এই দলটাকেই ভালো বলে… pic.twitter.com/LSIs8j8Znb
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 28, 2026
তৃণমূলের এই ঘোর দুর্দিনে কুণাল ঘোষের এই ‘পুরু’ সাজার মরিয়া প্রয়াস আদতে কতটা পালে হাওয়া পাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে ঘোর সংশয় রয়েছে। দুর্নীতি, তোলাবাজি আর স্বজনপোষণে জর্জরিত যে দলের রন্ধ্রে রন্ধ্রে আজ পচন ধরেছে, সেখানে কুণালের এই আনুগত্যের প্রলেপ কার্যত ক্যান্সারের ক্ষতে ব্যান্ডেজ বাঁধার শামিল। এখন দেখার, বিক্ষুব্ধদের ক্ষোভের সুনামিতে কুণালের এই ‘ঢাল’ খড়কুটোর মতো ভেসে যায়, নাকি ভাঙন-রোগে ধুঁকতে থাকা তৃণমূল তার অনিবার্য পতনের দিকে আরও একধাপ এগিয়ে যায়!


