SIR update
Bengal Liberty: দুদিনের সফর শেষ করে কমিশনের প্রতিনিধিরা দিল্লি ফিরে গেলেও, আদপে রাজ্যসহ গোটা দেশে কবে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হবে তার কোনও সদুত্তর দিতে পারল না। এরই মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রমাণিক এসআইআরের তারিখ নিয়ে আরও বিতর্ক উস্কে দিলেন। সাংবাদিকদের তিনি জানান, আগামী সপ্তাহে এসআইআর(SIR)শুরু হবে। তিনমাস চলবে এই এসআইআর(SIR)প্রক্রিয়া। এবং, তার তিন মাসের মধ্যে নির্বাচন শুরু হবে।
রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের সফরে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ ৪ সদস্যের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। বৃহস্পতিবার কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরকে নিয়ে বৈঠক করার পর বেশ কিছু বার্তা দিয়ে গিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনের জ্ঞানেশ ভারতী। বৃহস্পতিবারের বৈঠক ছিল মোট দুই দফায়। প্রথমে বৈঠক হয় জেলাশাসক, পুলিশ সুপার, ই আর ও, এ ই আর ও, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ইলেকশন সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় সহ অনেকেই।

‘ভোটার তালিকা থেকে কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না’ বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালের (SIR update)
এই বৈঠকের পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল পরিষ্কার জানিয়ে দেন, রাজ্যে এসআইআর হলে ভোটার তালিকা থেকে কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এসআইআর প্রক্রিয়ায় যারা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করবে এদিন সেই বুথ লেভেল অফিসারদের নিয়েই মূলত এদিনের বৈঠক হয়।
যদিও ই আর ও এবং এ ই আর ও রাও উপস্থিত ছিলেন। সম্প্রতি বিহারে যে পদ্ধতি অনুসরণ করে এস আই আর শেষ করা হয়েছে ঠিক একই পদ্ধতি অনুসরণ করেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই এস আই আর এর কাজ করা হবে।
পাশাপাশি এদিন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী কড়া বার্তা দেন, ”নির্বাচন কমিশনের যে নির্দেশ আছে সেই নির্দেশকেই মান্যতা দিতে হবে এবং তা সম্পূর্ণরূপে পালন করতে হবে অন্যথা নির্বাচন কমিশন আইনানুগ ভাবে পদক্ষেপ করতে বাধ্য থাকবে।”
বুথলেভেল অফিসাররা ভয়ে (SIR update)
অন্যদিকে বুথ লেভেল অফিসারদের যেসব প্রশ্ন ছিল সেই সকল প্রশ্নের নিরসন হয়েছে বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট অফিসাররা। পঞ্চায়েত নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে ভোটের ডিউটি করতে গিয়ে ভোট কর্মীদের কখনও প্রাণ হানির মতো ঘটনা ঘটেছে তো কখনও আবার রাজনৈতিক সন্ত্রাসের মুখে পড়তে হয়েছে। আর এই জায়গা থেকেই বুথ লেভেল অফিসারদের কাছে বড় প্রশ্ন ছিল ‘তাঁদের নিরাপত্তা’। সেই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্যের উপরেই বর্তায়।
এখন দেখার, বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে পশ্চিমবঙ্গে কতটা সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে এই কাজ সম্পন্ন করতে সক্ষম হয় নির্বাচন কমিশন।

