TMC Councillor Arrested
Bengal Liberty, ৩০ মে :
আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে দুর্নীতির অভিযোগে বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল দাসকে (TMC Councillor Arrested) গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কাউন্সিলরের বিরুদ্ধে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠছিল। এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আসে। অভিযোগ জমা পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ (TMC Councillor Arrested)।

প্রথমে বিক্ষোভ তারপর গ্রেফতার (TMC Councillor Arrested)
প্রসঙ্গত, গত দু’দিন আগে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা গোপাল দাসের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি ছিল, আবাস যোজনার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অথচ অনেকেই সরকারি প্রকল্পের সুবিধা পাননি। অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে একাধিক অভিযোগের সত্যতা মিলতেই শনিবার রাতে গোপাল দাসকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা আর্থিক লেনদেনের নথিপত্রও খতিয়ে দেখছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকারি প্রকল্পকে হাতিয়ার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ধৃত কাউন্সিলরকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


