US-Iran Conflict
Bengal Liberty, ১ জুন ২০২৬ : ফের মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড়।( US-Iran Conflict)গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধের এখনও পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি। যত দিন এগিয়েছে, ততই যুদ্ধের আঁচ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যখনই যুদ্ধকে কেন্দ্র করে কোনো মীমাংসার সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক তখনই কোনো না কোনো কারণে দুই রাষ্ট্রের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
অতীতের দিকে চোখ রাখলে দেখা যায়—যুদ্ধবিরতির চেষ্টা থেকে শুরু করে ইসলামাবাদের শান্তি বৈঠক, কিংবা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন নৌবাহিনীর নজিরবিহীন তৎপরতা—সবকিছুর জেরেই পরিস্থিতির সমীকরণ বারবার বদলেছে।
এবার দু’দেশের পক্ষ থেকেই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই আলোচনা মূলত তিনটি বেড়াজালে আটকে গেছে। কী সেই বেড়াজাল? আসুন, দেখে নেওয়া যাক।
আলোচনায় অন্তরায় হয়ে উঠছে তিনটি ‘কাঁটা’!

প্রথম কাঁটা সাম্প্রতিক সামরিক সংঘাত(US-Iran Conflict)
আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত রবিবার আমেরিকার একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন গুলি করে নামায় ইরান। এর জবাবে সোমবার ইরানে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, তাদের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কন্ট্রোল স্টেশন এবং দু’টি ড্রোন ধ্বংস হয়েছে। এর পরেই ফের পাল্টা আঘাত হানে ইরান। কুয়েতের একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। যদিও তেহরানের সেই আক্রমণ মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে।

দ্বিতীয় কাঁটা পরমাণু নীতি ও বাজেয়াপ্ত সম্পত্তি(US-Iran Conflict)
এই মারাত্মক সংঘাতের পর দু’দেশের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। এর ওপর আবার পরমাণু অস্ত্র প্রসঙ্গে আমেরিকার কঠোর অবস্থান এবং ইরানের বাজেয়াপ্ত সম্পত্তি এখনও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণে রেখে দেওয়া—সব মিলিয়ে তেহরানের ক্ষোভ বাড়ছে। ফলে আলোচনার পথে তৈরি হয়েছে নতুন জটিলতা।

তৃতীয় কাঁটা লেবানন ও ইজরায়েল প্রসঙ্গ(US-Iran Conflict)
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে সমানে একতরফাভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এই বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী (বাঘেরি)। তিনি জানান, পশ্চিম এশিয়ায় অস্থিরতা বন্ধের উদ্দেশ্যে কোনো চুক্তি চূড়ান্ত করতে গেলে লেবাননেও যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। বস্তুত, গত কয়েক দিন ধরেই দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইজরায়েল। লেবাননের দক্ষিণ প্রান্তে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘হিজবুল্লাহ’ সক্রিয় রয়েছে এবং মূলত তাদের লক্ষ্য করেই লড়াই চালাচ্ছে ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যেই আবার কিউবাকে কেন্দ্র করে নতুন সামরিক পরিকল্পনার জল্পনা ঘিরে মার্কিন প্রশাসনের অন্দরে আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এবং যুদ্ধের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে, এখন সে দিকেই নজর গোটা বিশ্বের।

