CID Investigation
Bengal Liberty, ৩ জুন :
বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে তদন্তের গতি আরও বাড়াল সিআইডি (CID Investigation)। বহুল চর্চিত এই মামলায় বৃহস্পতিবার তৃণমূলের তিন বিধায়ক, বাহারুল ইসলাম, অরূপ রায় এবং শুভাশিস দাসের হাতের লেখার নমুনা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করতে চলেছে তদন্তকারী সংস্থা। এ জন্য ব্যাঙ্কশাল আদালতের অনুমতি ইতিমধ্যেই মিলেছে। বুধবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্তের স্বার্থে বৃহস্পতিবার থেকেই নমুনা সংগ্রহের কাজ শুরু করতে পারবে সিআইডি। আদালতের এই নির্দেশের পর তৃণমূল বিধায়ক অরূপ রায়, শুভাশিস দাস এবং বাহারুল ইসলামকে তাঁদের সই ও হাতের লেখার নমুনা জমা দিতে হবে। ফলে সই জালিয়াতি রহস্যের জট খুলতে তদন্তে নতুন অগ্রগতি আসার সম্ভাবনা তৈরি হয়েছে (CID Investigation)।

কালীঘাটের বৈঠক থেকে সই অসঙ্গতি (CID Investigation)
গত ৬ মে কালীঘাটে তৃণমূলের বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবের পর, ১৩ ও ১৪ মে বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হয়। এরপর বিধানসভার সচিব আনুষ্ঠানিক প্রস্তাবপত্র চাইলে ১৯ মে ফের কালীঘাটে বৈঠক ডাকা হয় এবং পরবর্তীতে ৭০ জন বিধায়কের সই করা একটি কাগজ জমা দেওয়া হয়। কিন্তু শপথগ্রহণের সইয়ের সাথে এই কাগজের সই না মেলায় জালিয়াতির সন্দেহে সচিব এফআইআর দায়ের করেন, যার তদন্তভার পায় সিআইডি। এরই মধ্যে দুই বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন যে, ১৯ তারিখের হাজিরা খাতার পাতা ছিঁড়েই জালিয়াতি করে রেজুলিউশন পেপার হিসেবে চালানো হয়েছে— যার জেরে তাঁদের বহিষ্কারও করা হয়। অন্যদিকে, তৃণমূলের ৩ বিধায়ক বাহারুল ইসলাম, অরূপ রায় এবং শুভাশিস দাস দাবি করেন তাঁরা বৈঠকে ছিলেন না এবং তাঁদের সই জাল করা হয়েছে। এই লিখিত অভিযোগের ভিত্তিতেই সিআইডি আদালতের দ্বারস্থ হলে ব্যাঙ্কশাল কোর্ট তাঁদের হাতের লেখার নমুনা সংগ্রহের চূড়ান্ত অনুমতি দেয়।

নতুন দল গঠন তৃণমূলের (CID Investigation)
এই সই কেলেঙ্কারির আবহেই তৃণমূলে এক বিরাট পরিবর্তনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পুরনো প্রস্তাবকে ‘অতীত’ বানিয়ে দিয়ে বুধবারই বিধানসভার অধ্যক্ষের কাছে ৫৮ জন তৃণমূল বিধায়ক আলাদা করে নতুন বিরোধী দলনেতা হিসেবে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করে চিঠি দিয়েছেন। একইসঙ্গে মুখ্য সচেতক পদে ফিরহাদ হাকিমের জায়গায় রঘুনাথগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানের নাম প্রস্তাব করা হয়েছে। ঋতব্রতদের দাবি, এই ৫৮ জন বিধায়কের পর আরও ৬ জন বিধায়ক তাঁদের পক্ষে সই করতে চলেছেন।


