Arup Biswas
Bengal Liberty:
রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট (Aroop Biswas)। শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছে আদালত। তবে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য অরূপের আইনজীবী কিশোর দত্তকে প্রশ্ন করেছেন , ” প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মেসির এত কাছে গেলেন কেন? একজন মন্ত্রীর এমন ব্যবহার ছবিতে দেখা গিয়েছে, সেটিকে কী ভাবে সমর্থন করব? মামলাকারী তখন ক্রীড়ামন্ত্রী ছিলেন, তাঁর কেন এমন আচরণ? মেসির কাছাকাছি এত লোক কী ভাবে গেল? ” উপরন্তু বিচারপতি প্রশ্ন করেন – ” অন্য তিন জায়গায় অনুষ্ঠান সুন্দর ভাবে হল কিন্তু কলকাতায় কেন বিশৃঙ্খল অবস্থা হল? ”

আদালতের শুনানি
আদালত স্পষ্ট জানিয়েছেন , ১৭ অগস্ট পর্যন্ত অরূপের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। ৪ অগাস্ট মামলার পরবর্তী শুনানি হবে। দেশের অন্য তিন শহরে একই অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। কলকাতা থেকে মেসি বিরক্ত হয়ে চলে গেলেন। এটা লজ্জা। তাই মামলাকারীকে রক্ষাকবচ দেওয়া হয়েছে মানেই আদালত চোখ বন্ধ করে থাকবে না। বিধাননগর পুলিশ কমিশনারকে নিরপেক্ষ অনুসন্ধান করতে হবে। খতিয়ে দেখতে হবে কেন সঠিক ভাবে ওই অনুষ্ঠান করা গেল না। চার সপ্তাহের মধ্যে অনুসন্ধান করে সঠিক রিপোর্ট জমা দিতে হবে।

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, তদন্তকারী সংস্থা আইন মেনে তদন্ত চালিয়ে যাবে। ভবিষ্যতে পুলিশ কোনও নোটিস দিলে মামলাকারীকে যেতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। নোটিসে সাড়া না দিলে পুলিশ আদালতের নজরে আনতে পারবে। আদালতের অনুমতি ছাড়া অরূপ এলাকার বাইরে যেতে পারবেন না। সাত দিনের মধ্যে নিম্ন আদালতে পাসপোর্ট জমা করতে হবে অরূপকে। অগণিত দর্শক উপস্থিত ছিলেন। প্রচুর ফ্যান লক্ষ লক্ষ টাকা খরচ করে টিকিট কিনেছিলেন মেসিকে দেখার জন্য। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য সময়ের আগে মেসি মাঠ ছাড়তে বাধ্য হন। পাশাপাশি অন্য কোনও যদি মামলা থাকে, তা হলে রাজ্য পুলিশের ডিজিকে রিপোর্ট দিয়ে জানাতে হবে।

