Bihar election
Bengal Liberty, পাটনা, ২২ অক্টোবর: অশোক গেহলটের সঙ্গে লালু প্রসাদ যাদবের সাক্ষাৎ নিয়ে বিহার রাজনীতি তুঙ্গে। বিধানসভা নির্বাচনের পূর্বে মহাগঠবন্ধনে চলা আসন বণ্টন নিয়ে জল্পনার অবসান ঘটাতে আজ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট পাটনায় পৌঁছে লালু প্রসাদ যাদবের পরিবারের সঙ্গে বৈঠক করেন।
সূত্রের খবর, কংগ্রেস এবং RJD-র মধ্যে চলা আসন ভাগাভাগি নিয়ে কিছু মতভেদ তৈরি হয়েছে। সেটা কাটাতেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।
বৈঠকের শেষে গেহলট বলেন, “সব বিভ্রান্তি কালকের প্রেস কনফারেন্সের পর দূর হয়ে যাবে। মহাগঠবন্ধন ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়বে।”

বিহারের রাজনৈতিক অবস্থা:(Bihar election)
বিহারের ২৪৩টি আসনের মধ্যে RJD প্রায় ১৪৩টি আসনে এবং কংগ্রেস প্রায় ৬০-৬১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে সূত্রের খবর। বাকি আসনগগুলো বাম দলের মধ্যে ভাগ হবে বলে জানা যাচ্ছে। এই মর্মে গেহলট আরও বলেন, “মিডিয়া প্রায়ই আমাদের জোটের ছোটখাটো মতভেদগুলোকে বড় করে তোলে। কিন্তু আসলে এনডিএ জোটের ভিতরেই বেশি সমস্যা।”
লালু যাদব ও গেহলটের এই বৈঠকের পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিহারের মহাগঠবন্ধন এবার নতুন উদ্যমে নির্বাচনী ময়দানে নামছে বলে মত পেশ করছে ইন্ডিয়া জোটের শরিকরা।
আগামীকাল এক যৌথ সাংবাদিক সম্মেলনে জোটের আসন বণ্টন ও মুখ্যমন্ত্রী প্রার্থী সম্পর্কিত চূড়ান্ত ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
