NEET Question Paper
Bengal Liberty: নিট-ইউজি পরীক্ষার আগে ফের উঠল প্রশ্নফাঁসের অভিযোগ। পরীক্ষার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্রের ছবি ভাইরাল হতেই দেশজুড়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি এনটিএ-র সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও ফের ফাঁস হয়ে গেল মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি (NEET Question Paper)
বিতর্কের সূত্রপাত ‘বিবিন’ নামক এক ব্যক্তির এক্স হ্যান্ডেল থেকে। তিনি একটি টেলিগ্রাম গ্রুপের স্ক্রিনশট পোস্ট করে দাবি করেন, সেখানে নিট পরীক্ষার প্রশ্নপত্রের ছবি ঘোরাফেরা করছে। ভাইরাল হওয়া ছবিতে একটি প্রশ্নপত্র বুকলেট দেখা যাচ্ছে, যেখানে পরীক্ষার যাবতীয় নির্দেশিকাও স্পষ্ট। এর পরেই নেটিজেনদের একাংশ দাবি করতে থাকেন যে, প্রশ্নপত্রে দেওয়া সময় ও অন্যান্য তথ্যের সাথে আসল পরীক্ষার মিল রয়েছে। ফলে এটি ফাঁস হওয়া প্রশ্নপত্র হতে পারে বলে তাঁদের আশঙ্কা।

এনটিএ কী জানাল? (NEET Question Paper)
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্রুত বিবৃতি দিতে বাধ্য হয়। এনটিএ স্পষ্ট ভাষায় জানিয়েছে, ভাইরাল হওয়া ওই প্রশ্নপত্রটি সম্পূর্ণ ‘ভুয়ো’। এই ধরনের বিভ্রান্তিমূলক ছবি শেয়ার না করার জন্য সংস্থাটি সকলকে সতর্ক করেছে। একই সাথে, এই ঘটনার পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখতে সাইবার ক্রাইম শাখায় অভিযোগও জানানো হয়েছে।

পরীক্ষা আয়োজনে কি বারবার ব্যর্থ এনটিএ? (NEET Question Paper)
শুধু নিট নয়, ২০২৬ সালে এনটিএ-র পরিচালনায় একাধিক বড় পরীক্ষায় গোলমালের অভিযোগ উঠেছে। কখনও ‘আনসার কি’ নিয়ে বিতর্ক, কখনও যান্ত্রিক ত্রুটি, আবার কখনও পরীক্ষার প্রশ্নফাঁস—লাগাতার এই ধরনের ঘটনায় এনটিএ-র স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। লোকসভার স্ট্যান্ডিং কমিটিও সংস্থার কাছে জানতে চেয়েছে, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কি না।
এর আগেও মে মাসে নিট পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ার পর পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে হয়েছিল। ফলে এবারের এই ভাইরাল ছবি সত্যি না ভুয়ো, তা নিয়ে সাধারণের মনে সংশয় থেকেই যাচ্ছে। এনটিএ বারবার দায় স্বীকার করলেও, এত বড় একটি সংস্থার হাত দিয়ে বারবার কেন এমন ভুল হচ্ছে, সেই উত্তর এখনও অজানা। পরীক্ষার্থীরা বলছেন, স্বচ্ছতা বজায় রাখা কি এনটিএ-র পক্ষে সম্ভব? এখন সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় সবাই।


