suvendu adhikari
Bengal Liberty:
কলকাতা পুরসভার সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার মাঝেই সোমবার কলকাতা পুরসভায় যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসক নিয়োগের পর পুরসভার বর্তমান কাজকর্ম, পরিষেবা ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যকলাপ সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁর এই সম্ভাব্য সফর।সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। এরপর নির্ধারিত সময়ের মধ্যে নতুন মেয়র নির্বাচন না হওয়ায় রাজ্য সরকার পুরবোর্ড ভেঙে দিয়ে পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে। বর্তমানে নির্বাচিত বোর্ডের সমস্ত ক্ষমতা প্রশাসকের হাতে দেওয়া হয়েছে।

পুরসভার কাজকর্ম পর্যালোচনায় মুখ্যমন্ত্রী
অন্যদিকে, গত কয়েক মাসে একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি ও অন্যান্য অভিযোগ সামনে এসেছে। কয়েকজন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন, কেউ পদত্যাগ করেছেন, আবার কেউ আইনি জটিলতায় জড়িয়েছেন। এর ফলে পুরসভার অন্দরে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর হয়েছে বা তদন্ত চলছে। তাঁদের মধ্যে রয়েছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, মালা রায়, সুশান্ত ঘোষ, শান্তিরঞ্জন কুণ্ডু, জুঁই বিশ্বাস এবং আশুতোষ দাস। তবে তাঁদের ক্ষেত্রে তদন্ত চললেও গ্রেফতারের তথ্য সব ক্ষেত্রে প্রকাশ্যে আসেনি। পাশাপাশি তোলাবাজির দায়ে হেফাজতে রয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলররা।

পুরসভার মেয়াদ শেষ হওয়ার পরও এখনও নতুন নির্বাচন হয়নি। ফলে প্রশাসকের হাতেই চলছে কলকাতার নাগরিক পরিষেবা, উন্নয়ন প্রকল্প, বর্জ্য ব্যবস্থাপনা, জল সরবরাহ ও পরিকাঠামোগত কাজ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, কলকাতা পুরসভার ভবিষ্যৎ প্রশাসনিক রূপরেখা, নির্বাচনের প্রস্তুতি এবং নাগরিক পরিষেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পুরসভা সফরে কী নির্দেশ দেন এবং কলকাতার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দেন, সেটাই দেখার।


