Abhishek Banerjee Cid
Bengal Liberty ;
সই জাল কাণ্ডে এবার ভবানীভবনে তলব করা হলো তৃণমূল নেতা কুণাল ঘোষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিআইডি-র নজরে তিনি (Kunal Ghosh)। জিজ্ঞাসাবাদের জন্য আজ, রবিবার দুপুর আড়াইটে নাগাদ কুণাল ঘোষকে ভবানীভবনে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, পূর্ব নির্ধারিত সূচি মেনে আজ দুপুর ১২টা নাগাদ ইতিমধ্যেই ভবানীভবনে পৌঁছে গিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দা সূত্রে খবর, তথ্যের অসঙ্গতি দূর করতে আজ এই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

খতিয়ে দেখা হবে দুজনের বয়ান
গত ১১ জুন, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ নিয়ে সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু তাঁর বয়ানে বেশ কিছু অসঙ্গতি থাকায় আজ, রবিবার বেলা ১২টায় তাঁকে পুনরায় তলব করা হয়েছিল।

মূলত, বিধানসভায় পরিষদীয় দলনেতা নির্বাচনের ‘রেজলিউশন বুক’-এ বিধায়কদের সই নিয়ে বিতর্কের সূত্রপাত। সূত্রের দাবি, গত ১৯ মে সই করানো হলেও নথিতে জোর করে ৬ মে তারিখ দেখানো হয়েছে। এই রেজলিউশন বুক তৈরি এবং সই সংগ্রহের প্রক্রিয়াটি ঠিক কীভাবে হয়েছিল, তা জানতেই কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।

ইতিমধ্যেই এই মামলায় শোভনদেব চট্টোপাধ্যায় ও মদন মিত্রের বয়ান রেকর্ড করেছে সিআইডি, যার সঙ্গে অভিষেকের বয়ানের নাকি বেশ কিছু অমিল রয়েছে। এর আগে কুণাল ঘোষেরও বয়ান রেকর্ড করা হয়েছিল। আজ কুণালের দেওয়া তথ্যের সঙ্গে অভিষেকের বয়ান মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। বয়ানে কোনো রকম অসঙ্গতি বা গরমিল ধরা পড়লে, দুজনকে মুখোমুখি বসিয়ে বয়ান যাচাই করা হবে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।


