TMC Leader Arrested
Bengal Liberty:
তৃণমূলের শিক্ষক সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি মইদুল ইসলামকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ (TMC Leader Arrested)। ধৃত মইদুল স্থানীয় রাজনৈতিক ও শিক্ষা মহলে দীর্ঘদিনের পরিচিত মুখ। একসময় সিপিআইএমের কর্মী থাকলেও পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং অত্যন্ত দ্রুত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে জায়গা করে নেন। সোমবারও ইডি দপ্তরে অভিষেকের হাজিরা দেওয়ার সময় কিংবা কালীঘাটে তাঁর বাসভবনে মইদুলের উপস্থিতি দেখা গিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জ এলাকা থেকে মইদুলকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের আর্থিক ও রাজনৈতিক অভিযোগ জমা পড়ছিল।

কী এই অভিযোগ? TMC Leader Arrested
তদন্তকারী সূত্রে খবর, মইদুলের বিরুদ্ধে মূলত ২০২২ সালের একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মারাত্মক অভিযোগ রয়েছে। সে বছর দক্ষিণ ২৪ পরগনার বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্য আত্মঘাতী হন। তাঁর মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে মইদুল ইসলামের নাম স্পষ্ট উল্লেখ ছিল। দীর্ঘদিন ধরে সেই মামলার সমস্ত নথি ও অভিযোগ খতিয়ে দেখার পর অবশেষে পুলিশ এই প্রভাবশালী শিক্ষক নেতাকে গ্রেফতার করল।


