Bihar
Bengal Liberty: বিহারের বেগুসরাই জেলায় এক গৃহবধূর উপর নৃশংস নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্বামীর সামনেই ওই মহিলাকে গণধর্ষণ করে পাঁচ দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দাবি, নির্যাতিতার যোনির ভিতর থেকে বুলেট, পাথর এবং কাঠের টুকরো উদ্ধার করা হয়েছে। ধর্ষণে বাধা দেওয়ায় তাঁর শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ।

স্বামীকে আটক করে স্ত্রীকে ধর্ষণ (Bihar)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১১ জুন বেগুসরাইয়ের চাকিয়া থানা এলাকায়। অভিযোগ, সেদিন রাত সাড়ে ১১টা নাগাদ পাঁচ দুষ্কৃতী ওই গৃহবধূর বাড়িতে হামলা চালায়। প্রথমে তাঁর স্বামীকে একটি ঘরে আটকে রাখা হয়। এরপর মহিলাকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ নির্যাতনের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করে যোনির ভিতর থেকে বুলেট, পাথর ও কাঠের টুকরো উদ্ধার করেন বলে জানা গিয়েছে। নির্যাতনের মাত্রা দেখে চিকিৎসক ও হাসপাতালের কর্মীরাও স্তম্ভিত হয়ে পড়েন।
নির্যাতিতার অভিযোগ
নির্যাতিতার দাবি, দীর্ঘ সময় অচেতন থাকায় তাঁর উপর ঠিক কী ধরনের অত্যাচার চালানো হয়েছিল, তা তিনি স্পষ্টভাবে বলতে পারছেন না। তবে অভিযুক্তরা অত্যন্ত নৃশংসভাবে তাঁর উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।
পুলিশ আরও জানিয়েছে, প্রায় তিন মাস আগে কয়েকজন দুষ্কৃতী ওই গৃহবধূর বাড়িতে ঢুকে মারধর করে এবং টাকা-পয়সা ও গয়না লুট করে নিয়ে যায়। সেই ঘটনার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। ফলে, আগের ঘটনার সঙ্গে এই হামলার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: মাত্র ৩ মাস ২০ দিনেই জনবিচ্ছিন্ন তারেক রহমানের সরকার


