Sumit Roy
Bengal Liberty: কোটি কোটি টাকার জমি জালিয়াতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়। গ্রেফতারি এড়াতে তিনি আগাম জামিনের আবেদন করেছেন। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইনি লড়াইয়ের প্রেক্ষাপট (Sumit Roy)
পশ্চিম মেদিনীপুরের শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের নাম উঠে আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে তদন্তে তৎপর হয়েছে পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং ‘লুকআউট নোটিস’ জারি করা হয়েছে, যাতে তিনি দেশ ছাড়তে না পারেন। এর আগে সুমিতের খোঁজে তাঁর শ্বশুরবাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনেও তল্লাশি চালিয়েছে পুলিশ।
এই পরিস্থিতিতে গ্রেফতারি এড়াতে সুমিত রায়ের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হলে আদালত শুনানির বিষয়ে সম্মতি জানিয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার মামলাটির শুনানি হতে পারে।

কেন এই পরিস্থিতি? (Sumit Roy)
তদন্তকারীদের দাবি, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে সুমিত কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। অভিযোগ, শালবনি ও মেদিনীপুর ব্লক এলাকায় প্রায় ৩০০ একর সরকারি জমি জালিয়াতির মাধ্যমে বিক্রির ঘটনায় এই আর্থিক লেনদেনের যোগসূত্র রয়েছে।
মামলায় নাম জড়ানোর পর থেকেই সুমিত রায় কার্যত অন্তরালে চলে গিয়েছেন বলে পুলিশের দাবি। তাঁর মোবাইল ফোনও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
ফলে আইনি সুরক্ষা পাওয়ার লক্ষ্যে হাইকোর্টে করা আগাম জামিনের আবেদন সুমিত রায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। এখন নজর আদালতের দিকে— এই জমি জালিয়াতি মামলায় সুমিত কোনও স্বস্তি পান কি না, সেটাই দেখার।


