Kolkata Rain
Bengal Liberty :
শুক্রবারের মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা (Kolkata Rain)। লাগাতার বৃষ্টির জেরে শহরের একাধিক রাস্তায় জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। স্বাভাবিক জনজীবনও প্রভাবিত হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে কলকাতা পুরসভা। বিভিন্ন এলাকায় পাম্প চালিয়ে জলনিকাশির কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের সুবিধার জন্য একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে।
বৃষ্টির জেরে সমস্যায় পড়েছে আলিপুর চিড়িয়াখানাও। একটি জল সরবরাহের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিড়িয়াখানা চত্বরে জল জমতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং এলাকা পরিদর্শন করেন। দ্রুত মেরামতির কাজ শেষ করার পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না হয়, সে জন্য রক্ষণাবেক্ষণ ও নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরমন্ত্রী
শহরের বিভিন্ন এলাকায় জল জমার পরিস্থিতি নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “কলকাতার যেসব এলাকায় জল জমেছে বা নাগরিকরা সমস্যার মুখে পড়েছেন, তাঁরা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। পুর ও নগরোন্নয়ন দফতরের ওয়েবসাইটেও অভিযোগ জানানো যেতে পারে। কারও কাছে যদি আমার নম্বর থাকে, সরাসরিও জানাতে পারেন। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। কোথাও সমস্যা হলে খবর পেলেই আমরা সেখানে পৌঁছে যাব। প্রয়োজনে কমিশনার বা পুর দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করবেন। নাগরিকদের অসুবিধা যাতে না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জল জমার সমস্যার মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করা হয়েছে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


