Malda Border
Bengal Liberty : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠল মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত (Malda Border)। বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্ত এলাকায় কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলাকালীন নতুন করে জটিলতা তৈরি হয়। অভিযোগ, এপার থেকে পাঠানো অনুপ্রবেশকারীদের নিজেদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়নি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে সীমান্তের কাঁটাতারহীন অংশে প্রায় হাজারখানেক বাংলাদেশির জমায়েত হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ ও বিজিবির মধ্যে টানাপোড়েন শুরু হয়। সীমান্তে হামলার চেষ্টার অভিযোগও ওঠে, যদিও বিএসএফ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গোটা এলাকায় জারি রয়েছে উচ্চ সতর্কতা (Malda Border)।

বিএসএফকে লক্ষ্য করে হামলার চেষ্টার অভিযোগ (Malda Border)
বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তের প্রায় ১২০০ মিটার এলাকা এখনও কাঁটাতারবিহীন। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জট কাটিয়ে ওই এলাকায় কাঁটাতার নির্মাণের জন্য জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই পাশাপাশি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাকের কাজও চলছে জোরকদমে। শনিবার সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করেই সুখদেবপুর সীমান্তে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রের দাবি, সীমান্তের ওপারে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, এক পর্যায়ে তাঁরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে হামলার চেষ্টাও করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে গোটা এলাকায় কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে।



