Sheikh Alauddin
Bengal Liberty: রাজ্যজুড়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তারের হিড়িক চলছে। এরই মধ্যে পান্ডবেশ্বরের যুব তৃণমূল সভাপতি শেখ আলাউদ্দিনকে গ্রেপ্তার করল পুলিশ। তোলাবাজি, সন্ত্রাস ও অবৈধ বালি পাচারের মতো একাধিক অভিযোগে অভিযুক্ত এই নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় প্রকাশ্য রাস্তায় তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়লেন স্থানীয় বাসিন্দারা।

জনরোষ ও পুলিশের ভূমিকা (Sheikh Alauddin)
অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ধরে অজয় নদ থেকে অবৈধভাবে বালি পাচার এবং তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন আলাউদ্দিন। স্থানীয়দের দাবি, তৃণমূল শাসনামলে একাধিকবার অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু পালাবদলের পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করার পর শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় থানা চত্বরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা ‘চোর’ স্লোগান দিয়ে তাঁর দিকে একের পর এক ডিম ছুড়তে থাকেন। পরিস্থিতি সামলাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়।

মুখ্যমন্ত্রীর বার্তা (Sheikh Alauddin)
রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির অভিযোগে ধৃত নেতাদের বিরুদ্ধে জনগণের এই ‘ডিম থেরাপি’ বা বিক্ষোভের ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি জনগণের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। তিনি আশ্বাস দিয়েছেন যে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের ওপর আস্থা রাখতে হবে। যৌথভাবে কারও বাড়ি গিয়ে বিচার চাওয়ার প্রয়োজন নেই বলে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন।


