Bihar Health Minister
Bengal Liberty: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার (২১শে জুন) পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগাসন করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়লেন বিহারের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর ঠিক পাশে বসে আসন করার সময় স্বাস্থ্যমন্ত্রীর বারবার ভারসাম্য হারানো এবং এলোপাথাড়ি হাত-পা ছোড়ার ভিডিওটি সমাজমাধ্যমে মারাত্মক ভাইরাল হয়েছে। যিনি খোদ রাজ্যের ‘স্বাস্থ্য’ মন্ত্রকের দায়িত্বে, তাঁরই এমন বেহাল শারীরিক কসরত দেখে নেটপাড়ায় হাসির রোল উঠেছে।

তাল কাটল যোগাসনে (Bihar Health Minister)
অনুষ্ঠানে যোগ প্রশিক্ষক যখন ডান হাত তোলার নির্দেশ দিচ্ছিলেন, মন্ত্রীমশাই তখন ভুল করে বাঁ হাত তুলে বসে থাকেন। আবার কোমর নিচের দিকে ঝোঁকাতে বলা হলে তিনি কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এক সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভারসাম্য সামলাতে না পেরে পাশের আসনে বসা মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর গায়ের ওপরেই ঢলে পড়ার উপক্রম হয় নীতীশ-পুত্র নিশান্তের।

নেটপাড়ায় হাসির রোল (Bihar Health Minister)
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানারকম মজাদার ও তীক্ষ্ণ মন্তব্যে মেতে উঠেছেন। কেউ রসিকতা করে লিখেছেন, “যোগ করতে গিয়ে ওনার যেন বিয়োগ না হয়ে যায়, দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন!” কেউ আবার সিনেমার জনপ্রিয় সংলাপ টেনে বলেছেন, “উনি হলেন পুষ্পা, ঝুকেগা নেহি।” আবার কারও পরামর্শ, “ওঁকে আগে একটু গ্লুকোজ খাইয়ে চাঙ্গা করা হোক।”

সমালোচনা উড়িয়ে নতুন প্রস্তাব (Bihar Health Minister)
তবে এই সমস্ত ট্রোল বা কটাক্ষকে একেবারেই পাত্তা দিতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার। অনুষ্ঠান শেষে তিনি উল্টে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে যোগাসনকে স্কুল ও কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। তবে তা বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ ঐচ্ছিক থাকবে এবং এর জন্য পরীক্ষায় কোনো নম্বরও দেওয়া হবে না। নিজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও, যোগচর্চা ছড়াতে মন্ত্রীর এমন উৎসাহ দেখেও আমোদ পেয়েছেন সাধারণ মানুষ।


