Ramendu Singha Roy
Bengal Liberty: সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত রাখা এবং অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠাল চুঁচুড়া আদালত। সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক এই নির্দেশ দেন।

গ্রেফতারি ও মামলার প্রেক্ষাপট (Ramendu Singha Roy)
গত ১১ জুন ধনিয়াখালির কোটালপুর এলাকায় প্রাক্তন বিধায়কের মালিকানাধীন বিবেকানন্দ টিচার্স ট্রেনিং কলেজ থেকে সরকারি লোগো দেওয়া ত্রিপল, কম্বল ও ডাস্টবিন-সহ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়।এই ঘটনার পর থেকেই রামেন্দু সিংহ রায় পলাতক ছিলেন। ওড়িশা, বিশাখাপত্তনম, হায়দরাবাদ হয়ে শেষ পর্যন্ত তিনি কর্ণাটকের বেলাগাভি (সাহাপুর) এলাকায় আত্মগোপন করেছিলেন।তদন্তে নেমে হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ টিম কর্ণাটক থেকে তাঁকে ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করে এবং ট্রানজিট রিমান্ডে হুগলিতে নিয়ে আসে।

বিক্ষোভ ও উত্তজনা (Ramendu Singha Roy)
সোমবার ধনিয়াখালি থানা থেকে বের করার সময় এবং আদালতে নিয়ে যাওয়ার পথে প্রাক্তন বিধায়কের ওপর ক্ষিপ্ত জনতা চড়াও হয়। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং জুতোর মালা পরানোর চেষ্টা করা হয়। বিক্ষোভকারীরা ‘চোর চোর’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পুলিশ কোনোমতে প্রিজন ভ্যানে করে তাঁকে আদালত চত্বরে নিয়ে আসে।
বর্তমানে পুলিশি হেফাজতে থাকা প্রাক্তন বিধায়ককে জেরা করে এই বেআইনি ত্রাণ মজুতের নেপথ্যে আর কারা জড়িত এবং এর সঙ্গে বড় কোনো চক্রের যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


