Bengal Liberty:
মৌখালিতে নদীর চর ভরাট করে তৈরি হওয়া কথিত বেআইনি বিলাসবহুল ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ দিল ক্যানিং মহকুমা প্রশাসন (Saokat Molla)। ক্যানিংয়ের এসডিওর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ক্যাফেটি নিজ উদ্যোগে ভেঙে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে প্রশাসন নিজেই উচ্ছেদ অভিযান চালাবে এবং সেই খরচ বহন করতে হবে ক্যাফের মালিক তথা শওকত মোল্লার ছেলে ইরফান মোল্লাকেই।

প্রশাসনের পক্ষ থেকে ১৮ জুনের মধ্যে জমি সংক্রান্ত সমস্ত বৈধ নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শুনানিতে উপস্থিত হলেও ইরফান মোল্লার আইনজীবী জমির কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলে প্রশাসন সূত্রে খবর। দাবি, ওই ক্যাফে নিয়ে অভিযোগ পাওয়ার পর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর তদন্তে নেমে দেখে প্রায় ৭.১ একর নদীর চর ভরাট করে ধাপে ধাপে ওই বিলাসবহুল ক্যাফে নির্মাণ করা হয়েছে। এরপরই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় প্রশাসন।


